মা যে কোন্ বনবাস দেশে নাগরিক
হয়ে আছো, বনপাতা জানে না খবর
হতে চেয়েছিল যারা পথিক-প্রবর
হেঁটেছিল তারা শুধু, হয়নি পথিক
শংকায় জেগে থাকা তুমুল সে ভোরে
দিকে দিকে পেতে রাখা গেরিলা কৌশল
গোপন রেখেছো যদি হারানোর ছল
তুমিও লালন করো নিজ অভ্যন্তরে?
রোজ তবু ভোর আসে ভোরের মতোই
বনে বনে আলো জাগে পাতাদের ফাঁকে
বনের মর্ম বোঝে মা, বন বোঝে মাকে
ফলে সে যতটা বন, গোপন ততই
হেঁটেছি আমরা শুধু, হয়নি পথিক
পৌঁছাবো একদিন তাহার অনুকূলে
একদা ভুল করে ফিরে যাওয়া ভুলে
আমিও যে হতে চাই বন-নাগরিক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



