"রামাগিরি পর্বতে কতিপয় মাস যাপন করিয়া
কান্তাবিরহী যক্ষ
আষাঢ়ের প্রথম দিবসে
নতদেহ গজের ন্যায় প্রেক্ষণীয় গিরিশিখরলগ্ন
এক খণ্ড মেঘ দেখিল"
ডুয়ার্সের চা বাগানে বড় হওয়া তিতলির(কঙ্কণা সেন শর্মা) স্বপ্নের নায়ক রোহিত রায়(মিঠুন চক্রবর্তী) যাকে সে ভালোবাসে বলে মনে করে, এমনকি বিয়ে করতেও চায় বলে দাবি করে তার মায়ের(আপর্ণা সেন) কাছে। কার্সিয়াং এ শুটিং করতে আসা এই রোহিত রায় একদিন গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তাদেরই গাড়িতে লিফট চান। তিতলি ভীষণ প্রগলভ হয়ে উঠে তার প্রিয় নায়ককে কাছে পেয়ে। এরপরই সে আবিষ্কার করে তার মায়ের সাথে রোহিত রায়ের পুরোনো সম্পর্ক।
পরিচালক ঋতুপর্ণ ঘোষের অসাধারণ চিত্রায়ন, যার ফলে আমার কাছে অন্তত উত্তরবঙ্গের ঐ জায়গাগুলি দেখার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিস্তার যে সৌন্দর্য আমাকে আবিভূত করেছিল কালিম্পং এর পথে তার কিছুটা আমি এই ছবিটা দেখার সময়ও পেয়েছি। বোনাস শ্রীকান্ত আচার্যের অদ্ভুত সুন্দর এক গানঃ
"মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা..."
মা-মেয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের দ্বন্দ্ব, এবং এর মধ্যে মানবিক সম্পর্কসমূহের সম্বন্ধে কিশোর মনের বিবর্তনের প্রায় নিখুঁত সেটিং "তিতলি" ছবিটি। আমার গত জন্মদিনে দেখা এই ছবিটি যে "রিফ্রেশিং" ছিলো, এটা আমি নিশ্চিত।
ছবিটা দেখতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

