খানিক আগে অনলাইনে এটিএন বাংলা চালিয়ে ব্লগে চোখ রেখেছি। মঞ্জুরুল আহসান বুলবুল এক কিশোরের সাক্ষাৎকার নিচ্ছেন। তেমন গুরুত্ব দিয়ে শুনছিলামনা। আস্তে আস্তে এমন কিছু উদ্ভট কথা কানে আসতে লাগলো যে মনোযোগ না দিয়ে পারলামনা। বুলবুল একটি কারিগরী প্রকল্পের নানা দিক নিয়ে প্রশ্ন করছেন, এর কার্যকারিতা, নির্মাণমূল্য, অর্থায়ন ইত্যাদি বিষয়ে দর্শক শ্রোতাদের অবহিত করাচ্ছেন কিশোরটির জবানীতে। আপনারা হয়ত বুঝতে পারছেন, সাম্প্রতিক সময়ের আলোচিত 'জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপাদন' সংবাদটির জন্মদাতা দিনাজপুরের পুলহাটের কিশোর সাহিদুর এ অনুষ্ঠানের অতিথি। সংবাদপত্র পড়িনা বলে এ খবর সম্পর্কে আমার ব্যক্তিগত কোন মতামত দিতে পারছিনা।
ব্লগ খুঁজেএই পোস্টের কমেন্টে কিশোরটির নাম পেলাম।
আমি যেসব বাক্যালাপ শুনে এ পোস্টটি লিখতে বাধ্য হলাম তার খণ্ডাংশ নিচের মতঃ
সাহিদঃ আমার এ মেশিন যতক্ষণ খুশি বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
বুলবুলঃ ও, তাই নাকি? কতক্ষণ হতে পারে সেটা?
সাহিদঃ আমি চাইলে ২৪, ৪৮ ঘন্টা এমনকি দুই মাস পর্যন্ত একনাগাড়ে এটি চালিয়ে রাখতে পারব।
বুলবুলঃ অসাধারণ তোমার এ আবিষ্কার।
সাহিদঃ আমার এ আবিষ্কার দিয়ে আমি স্যার নিউটনের তৃতীয় সূত্রকে ভুল প্রমাণ করেছি।
বুলবুলঃ কীভাবে, একটু ব্যাখ্যা করবে? (চোখেমুখে বিস্ময় উপচে পড়ছে)
সাহিদঃ তৃতীয় সূত্র কী বলে আমরা সবাই জানি। প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে হল, ইনপুট ছাড়া কোন আউটপুট কখনো আসতে পারেনা। কিন্তু আমি দেখিয়েছি, কোনরকম ইনপুট ছাড়াই একনাগাড়ে অনেকক্ষণ বিদ্যুৎ সরবরাহ করা যায়।
বুলবুলঃ আমাদের দেশের এক কোণে থেকে এতবড় সূত্রকে চ্যালেঞ্জ করা তোমার এ আবিষ্কারটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।
(অনুষ্ঠানের শেষপ্রান্তে)
বুলবুলঃ সুধী দর্শক, সাহিদের এ আবিষ্কারটি সম্পর্কে আমাদের এখনি আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে......
আমার বুঝতে সময় লাগছিলো যে, বুলবুল কি সুস্থ মস্তিষ্কে সাক্ষাৎকার নিচ্ছেন? একটা এসএসসি পাশ কিশোর দাবী করছে সে নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করেছে, তার আবিষ্কৃত যন্ত্র একনাগাড়ে দু'মাস কোন জ্বালানী ছাড়া বিদ্যুৎ দিয়ে যাবে, আর একটা জাতীয় চ্যানেলে একজন যশস্বী সাংবাদিক সেটাকে প্রশ্নাতীতভাবে সারাদেশের সামনে উপস্থাপন করে যাচ্ছেন?
একটা গ্রুপমেইলের সূত্র থেকে দেখলাম, কারিগরী ব্যাখ্যার জন্য বুয়েটের কিছু ছাত্র সাহিদের সাথে দেখা করেছে এবং তারা সরেজমিনে দেখে এসেছে যে, ৩ কিলোওয়াট ব্যাটারী থেকে ডিসি এবং প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে কেনা আইপিএস থেকে এসি পাওয়ার সরবরাহ হচ্ছে এ প্রকল্পে। আমি বুঝতে পারছিনা এটিএন বাংলায় আজ সাক্ষাৎকারটি প্রচারের আগে কি এর কারিগরী দিক সম্পর্কে কোন খোঁজখবর নেয়া হলোনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

