অনলাইনে শব্দ চালাচালির বড় একটি মাধ্যম হলো ব্লগ। বাংলায় ব্লগিং সহজলভ্য করার ক্ষেত্রে সামহোয়ারইনব্লগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলা ব্লগের জনপ্রিয়তা বেড়েই চলছে। এই জনপ্রিয়তার স্রোতে গা ভাসাচ্ছেন অনেক নতুন লেখক। ব্লগের পাতায় লিখতে এসে হয়ে যাচ্ছেন ব্লগার। অনেকেই আবার পেশাদার ব্লগার বনে যাচ্ছেন। অনেক রকমের পেশা নিয়ে ক্যারিয়ার বিষয়ক ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকার ক্যারিয়ার পাতায় লেখা হয়। ব্লগের তুমুল জনপ্রিয়তার করনে ব্লগারদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ব্লগিংয়ের ক্যারিয়ার সম্ভাবনা নিয়েই আমার এ লেখাটি নিবেদিত হলো।
ব্লগিং কি: ব্লগিং এর ক্যারিয়ার সমন্ধে জানতে হলে প্রথমেই বুঝতে ব্লগিং জিনিষটা কি। সহজ ভাষায় ব্লগিং বলতে অনলাইনের পাতায় নিজের নানা ধরনের মতামতকে তুলে ধরা। তবে অনেকের কাছে ব্লগ মানে আরো অনেক কিছুই বোঝায়। সাধারণ অর্থে এই ব্লগের মাধ্যমে মনের অনেক কথাকে তুলে ধরা যায় অনলাইনের অগনিত পাঠক বন্ধুর কাছে। তাক্ষনিক মন্তব্য পাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই কারনে লেখালেখির মজাটা বেশ জমে উঠে। বাংলা ভাষায় ব্লগ শুরু হওয়ার পর থেকে বাঙ্গালীদের কাছে ব্লগ বিষয়টি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠে। সামহোয়ারইনব্লগের অনেকদিন হয়ে গেল। এই সময়ের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ব্লগারদের সংখ্যা অনেক বেড়েছে। সচলায়তন, প্যাচালী এবং আমারব্লগতো রয়েছেই। সুতরাং ক্যারিয়ার হিসেবে ব্লগিংয়ের সম্ভাবনা অনেক।
কেমন হবে ব্লগিং ক্যারিয়ার : ব্লগের ক্যারিয়ারের সঙ্গে জড়িত আছে লেখালেখির বিষয়টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মনের ভাব শেয়ার করার ইচ্ছে। কেউ যদি মনের ভাব শেয়ার করতে অন্য অনেকের সঙ্গে তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে ব্লগ। সুতরাং ব্লগে ক্যারিয়ার গড়তে চাইলে লেখালেখির পাশাপাশি মনের ভাব আদান প্রদান করার ক্ষমতা খাকতে হবে। তাহলেই ব্লগে ক্যারিয়ার গড়া সম্ভব।
নানাবিধ সুযোগ-সুবিধা : ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিলে আরো নানাবিধ সুযোগ সুবিধা থাকছে। এই সুযোগ সুবিধাগুলো নিয়ে একটু বলা যাক।
বই প্রকাশের সুযোগ- ব্লগের লেখাগুলোকে জমা করে তা দিয়ে বই বের করার সুযোগ রয়েছে। শুভ’র ব্লগিং নামে বইমেলায় তেমনি একটি বই প্রকাশিত হয়েছে। এটি ব্লগের পোস্টগুলো নিয়ে বের হয়েছে। গত বইমেলায়ও ব্লগে প্রকাশ পাওয়া বেশ কিছু লেখা বই আকারে এসেছে। এই মহা সুযোগটি আপনিও গ্রহণ করতে পারেন।
বন্ধু পাবার সুযোগ - ব্লগের মাধ্যমে হর হামেশাই একে অপরের বন্ধু হচ্ছে। একে কাজে লাগিয়ে আপনিও বন্ধু খুজে নিতে পারেন।
জীবনসঙ্গী পাবার সুযোগ- ব্লগের মাধ্যমে পরিচয়। তারপর জীবন সঙ্গী। এমন উদাহরণ সামহোয়ার ইন ব্লগেই রয়েছে। আপনি কেনই বা এই সুযোগটি মিস করবেন। সুতরাং ঝটপট ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিন। আর এত সুযোগ থাকতে ঘটক কাজী ভাই আর পাখি ভাইয়ের কাছে কেন যাবেন?
লেখক খ্যাতি পাবার সুযোগ- ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিয়ে লেখক হিসেবে পরিচিতি পাওয়ার বেশ সুযোগ রয়েছে। আপনি যদি লেখক হিসেবে পরিচিতি পেতে চান তাহলে শিগগিরই ব্লগিং করা শুরু করতে পারেন। একটা কথা এখানে বলে নেওয়া ভালো অনেকে আবার ব্লগে লিখতে গিয়ে আতেল হিসেবে খ্যাতি যেয়ে যান।
আয়-রোজগার: ক্যারিয়ারের বিষয়টি যেহেতু চলে আসছে তাই স্বাভাবিকভাবেই আয় রোজগারের বিষয়টি চলে আসছে। এখনকার প্রেক্ষাপটে প্রত্যক্ষভাবে আয়-রোজগারের সুযোগ কিছুটা সীমাবদ্ধ। তবে পরোক্ষভাবে আয়-রোজগারের বেশ সুযোগ রয়েছে। উদাহরণ দেওয়া যাক, অনেক সময় নতুন কাউকে ব্লগ খুলে দিলে সে খুশি হয়ে চা-কফি খাওয়ায়। ভাগ্য ভালো হলে রুপি আর ডিম ভাজিও খাওয়াতে পারে। এটাও একধরনের পরোক্ষ আয়। এছাড়া প্লাস রেটিং দেওয়ার বিনিময়ে চা খাওয়া যেতে পারে। এটাও একধরনের আয়।
ব্লগে অনেক পত্রিকার সাব এডিটররাও লেখেন। ভালো লেখা তাদের নজরে পড়লে তারা ক্ষেত্রবিশেষে সেই লেখাটি পত্রিকায় ছাপিয়ে দিতে পারে। সেক্ষেত্রে পত্রিকা থেকে বিল পাওয়ার সুযোগ থাকছে। এটা একধরনের প্রত্যক্ষ আয়। আয়-রোজগারের আরো অনেক পদ্ধতি আছে। একটু বুদ্ধি খাটিয়ে আপনিই বের করে নিন অন্য পথগুলো।
সামনের আয় রোজগার : ব্লগে বিজ্ঞাপন পদ্ধতি যোগ হওয়ার কথা শোনা গিয়েছিল। যার মাধ্যমে ব্লগের ইউজারদের নিজস্ব পেজে বিজ্ঞাপন গ্রহণ করা যাবে। ব্লগে বিজ্ঞাপন পদ্ধতি যোগ হলে ব্লগারদের আয় রোজগার অনেক বেড়ে যাবে। নিজের পেজে বিজ্ঞাপন নিয়ে নিয়মিতভাবে অর্থ আয়ের সুযোগ থাকবে। যেসব ব্লগার সুযোগ পেলেই উপদেশ নিয়ে বেড়াই তারা এই সুযোগে কনসালটেন্সি ফার্ম খুলে বসতে পারবেন।
কোন কোন ব্লাগার চাইলে বিজ্ঞাপন সংগ্রহের অভিযানে নেমে অর্থ আয়ের পথ করে নিতে পারেন। তবে সবার আগে হতে হবে ব্লগার। সুতরাং আগামীর জনপ্রিয় পেশা হয়ে উঠবে ব্লগিং।
গেট, সেট, গো.....
এত এত লোভনীয় কথার পর আর বসে থাকা কেন? যারা ব্লগিং করছেন না তারা আজই শুরু করে দিন। আর যারা কম কম ব্লগিং করছেন তারা বেশি বেশি ব্লগিং করুন। আপনি ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তবে ব্লগিংকে সাইড ক্যারিয়ার হিসেবে রাখতে পারেন। সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়। ব্লগের লেখা আপনার পরিচিতি কে আরো অনেকগুন বাড়িয়ে দিতে পারে। সকলকে ব্লগের উন্মুক্ত প্রান্তরে স্বাগতম। চষে বেড়ান এই প্রান্তরে।
(একটি আতেলীয় প্রডাকশন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

