আমার দুটি কবিতা
বোধ
শুধুই তোমার নাম এঁকে যায় সময়ের দীর্ঘ চাতাল
আমাকে তাড়িয়ে ফেরে শিল্পের জরা
প্রাপ্তির বেশি বঁধু এতোটা অধরা
সৃষ্টির মোহে কবি বেহেড মাতাল।
এই হাসি এই গান, বুকের রক্তমাখা এই রঙতুলি
ছুঁয়ে যায় যথারুচি ঠোঁট, চোখ, বুকের মহিমা
বাকি থাকে অভিমান, প্রণয়ের বীমা
কী করে পূর্ণ করি সময়ের ঝুলি?
এই যে কথার মালা, মধুময় প্রিয় সঙ্গীত
কিছু পায় আলোছায়া, কিছু থাকে বোধের অতীত।
এই শহরে
এই শহরে আমার চেয়ে কে বেশি আজ সুখী
শেষ বিকেলের সবুজ রোদে ভ্রষ্ট চাঁদের রেখা
ঘোমটা-টানা বধূর মতো দিচ্চে যেন উঁকি
নতুন পরিচয়ে আমার এই তো প্রথম দেখা।
সংখ্যাতত্ত্বের হিসেবে পাঠে ভুল করেছি রোজ
জেনেও তোমার ফুল্ল জীবন আজকে আমার সাথে
যোগ করেছ! বেভুল ভ্রমর, একটুখানি খোঁজ
নিতে এমন কী দোষ ছিল কালকে গভীর রাতে!
তুমি আমার কাক্সিত মুখ স্বপ্নঘুমের ছবি
তোমার নামে এই হৃদয়ের সকল সমর্পণ
ফুলের ঘ্রাণে টের পেয়েছে রাত-জাগা এই কবি
এই শহরে ফাগুন আসার তুমুল আয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

