হঠাৎ করে দেখতে পেলাম আমরা সবাই বৃষ্টি পাগল। মনে আছে বৃষ্টিতে ভেজা নিয়ে কোনদিন বাধা পাই নাই। যখনই বৃষ্টি, আমরা সবাই সুন্দর করে ভিজতে যেতাম। কেউ লাফাত, কেউ গান করার বৃথা চেষ্টা করত, আমি চুপ করে বসে থাকতাম। এখনও আমি যখন ভিজতে যাই চুপ করে বসে থাকি।
সবচেয়ে মজার ছিল আমার মায়ের কান্ড। উনি আসতেন আমাদের বকা দিতে, "আয় বলছি, এখনই আয়..."। তখন আমরা আমার মাকে ডাকতাম ভেজার জন্য...... দেখা যেত উনিও একটু পর আমাদের সাথে ভিজছেন। আমরা একটু বড় হয়ে বুঝে ফেলি আমার মাও আমাদের মতই পাগল। আমরা যখনই ভিজতে যাই মাকে নিয়ে যাই। আকাশে অনেক মেঘ করলে মা বলেন আজ মনে হয় অনেক বৃষ্টি হবে ...
আমার মায়ের চোখ দেখতেই ভাল লাগে। উনি আমাদের শাসন আর আদর করেছেন চোখ দিয়ে, কোনদিন তেমন করে বকা দেন নাই। আমরা কিছু চাইবার আগে উনার চোখ দেখতাম। এখন মাঝে মাঝে মনে হয় আমরা সব ভাইবোনের বুদ্ধি খারাপ ছিল না।
আমার মা মনে কষ্ট পেলে শুধু দেখতাম চোখ লাল হয়ে আছে, আর কিছু ভাল লাগত না। কিছু জানতে চাইলে বলত ঠান্ডা লেগেছে। কোনদিন দেখিনি উনার রাগের বহিঃপ্রকাশ। উনার জন্য আমরা কোনদিন একটা কাজের লোকের সাথে বড় গলায় কথা বলতে পারিনি। যা লিখছিলাম তাতেই ফিরে যাই............
গত বর্ষার একটা ঘটনা আছে তা হল একদিন খুব বৃষ্টিতে আমরা অনেক্ষণ ছিলাম এক ফাঁকে আমার মা কাছে এসে বললেন," কাল আমি একা একা অনেক্ষণ এসে দাঁড়িয়ে ছিলাম, আকাশটা কালো ছিল কিন্তু বৃষ্টিই হয় নাই, আজ দেখ কি সুন্দর বৃষ্টি! তোদের ফেলে এসেছিলাম তাই।" এর পর মার মুখে দেখালাম অপরাধ মাখানো হাসি। এর পরে শুরু হল মাকে ক্ষেপানো... মা হাসতেই থাকেন, আমরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেই।
আমরা যেন ভিজতে ভিজতে চা খেতে পারি তার ব্যাবস্থা করে রাখেন মা। আচ্ছা মা'রা এমন হন কেন?
এটা লিখতে গিয়ে মনে হচ্ছে আমার বাবার বৃষ্টিপ্রীতি আছে কিনা জানি না, জানা হয়নি। কারণ উনাকে আমরা দিনের বেলায় কখনও পাইনি।
আমার বুদ্ধি হবার পর থেকেই দেখতে পেয়েছি মা গান শুনতে খুব ভালবাসেন, ছোট একটা কালো ক্যাসেট প্লেয়ারে গান বাজতেই থাকত। এখনও যখন গানগুলি কানে আসে এক লহমায় ফিরে যাই সেই দিনে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



