ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুলস্নাহ সালেহ গতকাল মঙ্গলবার এক 'বিস্ফোরক' ভাষণে বলেছেন, মুসলিম বিশ্বের সাম্প্রতিক বিদ্রোহের সব দায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের। নিজের বিরুদ্ধে ইয়েমেনে যে বিক্ষোভ চলছে তা হোয়াইট হাউস থেকে পরিচালিত হচ্ছে বলে সালেহ অভিযোগ করেছেন। যে সানা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন লক্ষাধিক মানুষ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে, গতকাল রাজধানীতে সেই ইউনিভার্সিটির শিক্ষার্থী ও প্রফেসরদের সম্মেলনে দেয়া ভাষণে সালেহ এই অভিযোগ করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন রাষ্ট্রদূতদের কঠোর ভাষায় আক্রমণ করেন।
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ট মিত্র সালেহ'র এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর । সালেহ'র বক্তব্য প্রত্যাখ্যান করে দফতরের মুখপাত্র ক্রাউলি তার প্রতিক্রিয়ায় বলেন, ইয়েমেনে কি ঘটছে সেটা প্রেসিডেন্ট সালেহ খুব ভাল করেই জানেন। তার জনগণ একটি ভাল জবাব পাবার অধিকার রাখে। খবর লস এঞ্জেলেস টাইমসের।
আল-কায়েদা বিরোধী অভিযানে ইয়েমেন দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট সহযোগী। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইয়েমেন সরকারকে শত শত কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে। কিন্তু সালেহ এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পাচ্ছেন না এটা তার বক্তব্যে পরিষ্কার হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ক্ষুব্ধ সালেহ বলেন, 'আমরা প্রতিদিন ওবামাকে বলতে শুনছি, 'মিসর তুমি এটা করতে পারনা, ওটা করলে ভাল হবে না! তিউনিসিয়া, ওই পথে পা বাড়িও না! এসব দেশ নিয়ে আপনার মাথাব্যাথা কেন? আপনি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নাকি বিশ্বের প্রেসিডেন্ট!' সালেহ'র ভাষণের পরপরই রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল শুরু করে।
পাঁচ শতাধিক ছাত্র ও প্রফেসরদের সম্মেলনে সালেহ লাউড স্পিকারে বলেন, আমি আজ আপনাদের কাছে একটি গোপন তথ্য ফাঁস করে দিব। ইসরাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আরব বিশ্বকে ধ্বংস করতে সব কলকাঠি নাড়ছে। এই উদ্দেশ্যে ইসরাইলের তেলআবিবে একটি 'অপারেশন রুম' খোলা হয়েছে, যেটি পরিচালিত হচ্ছে হোয়াইট হাউস থেকে। তার পদত্যাগের দাবিতে যারা বিক্ষোভ করছেন তারা সানায় মার্কিন কুটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, 'এটা জায়োনিস্ট এজেন্ডা'। যত ষড়যন্ত্র হোক না কেন, পদত্যাগ করবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন।
সুত্র : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



