প্রায় ভাবি একটা দারুন ছবি তুলবো। যা ভেতরটাকে তুমুল ভাবে নাড়িয়ে, ঝাকিয়ে, কচলিয়ে, টেনেটুনে জাগিয়ে তুলবে। তোলা আর হয়ে ওঠে না। নানা পদের কারন জড়িত তাতে। এমন অনেক বহু মানুষ, জীব, ময়লা, মাকড়শা, তারার আলো, শালবন, জোড়া শালিক চোখের সামনে দিয়ে কেবলই পার হয়ে যায়; ছবি... আর তোলা হয়না।
সংসদ ভবনের পূর্বপাশে, খেজুর বনের ঠিক ডানে ফুটে রয়েছে অজস্র বনোফুল। লক্ষ লক্ষ, কিংবা কোটি। ধবধবে সাদা, অনেকটা কাশফুলের মতো। তবে, এরা ঠিক কাশফুল না। পড়ন্ত বিকেলে এদের দিকে তাকালে পৃথিবীর সব কষ্টকে ভুলে যেতে ইচ্ছে করে। আজকের দিনটা অনেকটাই আলাদা। অনেক কারনে। আজ আবার সাদা সাগরের পেছনে ঝুলে আছে অসাধারণ এক সূর্য্য। অদ্ভুত এক রঙের কারনে একে অসাধারণ লাগছে। সূর্য্য শব্দ উচ্চারন করলে আমাদের চোখের সামনে একটা দারুন লাল রঙ ভেসে উঠে, কিংবা কুসুম লাল। সেই সূর্য্য আর এই সূর্য্য এক না। আজকের সুরোজের রঙ হলদেটে। হলুদ সূর্য্য...!
দিনগুলো কেমন সহজে, অবলীলায়, সব ছেড়ে ছুড়ে ছন্নছাড়া হয়ে চলে যায়...। এক, একটা দিন, কতো বৈচিত্রময়! কতো হৃদয়হীন! কতো যে নিরাসক্ত!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


