একটা সময় ছিল যে ঈদে বাড়ী যেতেই হবে বা হত। তখন দেখতাম প্রায় সবাই পুরো পরিবার নিয়ে বাড়ী যেত ঈদের সময়। চারিদিকে কেমন যেন একটা বাড়ী ফেরার আমেজ ছিল। অনেকটা টিভির "স্বপ্ন যাবে বাড়ী আমার" এডটার মত। ছোটবেলায় যখন গ্রামের বাড়ীতে থাকতাম সারা বছর অপেক্ষা করতাম আত্মীয় স্বজনদের বাড়ী ফেরার। ঈদ আসলেই তখন উৎসব আর আনন্দ নিয়ে আসত।
এরপর একটা সময় ঢাকায় থাকা আরম্ভ হল। ঈদ আসলেই হই হই রবে বাড়ী ফিরার জন্য বাস বা রেল স্টেশনে গিয়ে হাজির হতাম। কষ্ট করে বাড়ী ফিরতাম, মনে অনেক আনন্দ নিয়ে। এখনও সেই মনটা আছে, কিন্তু সময়টা যে হারিয়ে গেছে অতীতের কাছে।
ইদানিং গত কয়েক বছরে ঈদে খুব একটা বাড়ী ফেরা হচ্ছে না। প্রশ্ন হতে পারে, কেন? উত্তর হচ্ছে, যাতায়াতের অসুবিধা। আগেও যে খুব শান্তিতে ঈদে বাড়ী ফিরতে পারতাম তা না। তবুও যাওয়া যেত। অনেক কষ্ট করে হলেও যাওয়া যেত। কিন্তু ইদানিং গত কয়েক বছরে সেটা যেন একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এখন ঈদে বাড়ী ফিরতে হয় অনেকটা জান হাতে নিয়ে। সড়ক দুর্ঘটনা, সীমাহীন যানজট সব মিলিয়ে বাড়ী ফেরাটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে এখন। তারপরও যারা বাড়ী যান প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা আমার চোখে অনেক বড় মাপের মানুষ।
শত ধিক আমাকে। আমি তাদের মত হতে পারিনি যারা কষ্ট করে বিপদ মাথায় নিয়ে এবারের ঈদে বাড়ী ফিরছেন। তবে আমার শুভ কামনা অবশ্যই থাকল তাদের জন্য।
আপনাদের জন্য গ্রাম বা দেশের বাড়ীতে অপেক্ষারত থাকা প্রিয় মানুষ আর প্রিয় মুখগুলোর সাথে আপনাদের ঈদ হোক আনন্দময়। আপনা্রা ফিরে আসুন নিরাপদে।
সবাইকে ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


