নয়া দিল্লি, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া সেখানে সম্মেলন বা সেমিনারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না।
ভারতের সব কেন্দ্রীয় মন্ত্রণালয়, বিভাগ, সচিব এবং রাজ্যগুলিতে শুক্রবার এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
আফগানিস্তান, চীন, ইরান, ইরাক, পাকিস্তান, শ্রীলংকা এবং সুদানের নাগরিকদের ভিসা দিতেও একই পদ্ধতি অনুসরণ করবে ভারত।
বিদেশিদের সম্মেলনে-ভিসা দেওয়ার প্রক্রিয়া গত বছরের ১৫ জুলাই পর্যালোচনা করে ভারত। সংশোধিত প্রক্রিয়া ঠিক ভাবে প্রয়োগ না হওয়ায় নতুন নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক এবং মুখপাত্র ওঙ্কার কেদিয়া জানান, নতুন নির্দেশনা অনুযায়ী সম্মেলন-সেমিনার আয়োজনের নীতিগত অনুমোদন দেবে মন্ত্রণালয়ের বিদেশ বিভাগ। উল্লেখিত দেশগুলো থেকে যারা এতে অংশ নেবেন তাদের সম্মেলন-ভিসার নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
পাকিস্তানি বংশোদ্ভুত অন্যদেশের নাগরিককেও এই ছাড়পত্র নিতে হবে।
অনুষ্ঠান আয়োজনের অন্তত ছয় সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিতে হবে বলে জানান কেদিয়া।
তিনি বলেন, "এর ফলে অনুষ্ঠান আয়োজনের এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি ঠিকভাবে বিবেচনা করা যাবে। বেশিরভাগ আয়োজকই অনুষ্ঠান আয়োজনে এ সময়সীমা মানেনি।"
উল্লেখিত দেশগুলো ছাড়া অন্য দেশের নাগরিকরা ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং কনস্যুলেট থেকে সম্মেলন-ভিসা নিতে পারবেন।
এক্ষেত্রে তাদের আয়োজক প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র, অনুষ্ঠান আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্র এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের ছাড়পত্র দেখাতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


