এখন সর্বত্র ভাষার বিকৃত চর্চাটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে । বিশেষ করে কয়েকবছর যাবৎ টিভি নাটকগুলোতে , এফএম রেডিও তে (এখন কিছুটা কম ) । এই মাধ্যমগুলো মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে । এখানে এরকম চর্চা কেন বলতে গেলে যুক্তি তর্ক বেঁধে যাবে । সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচিত্র তুলে ধরাই নাকি তাদের মূখ্য উদ্দেশ্য । পারতপক্ষে তাদের যুক্তি অকাট্য নয় । কারণ মানুষ এখন যান্ত্রিক । প্রমিত ভাষায় নাটকের অভিনেতারা কথা বলতে থাকলে , সারাদিন কাজের শেষে টিভি দখতে বসা দর্শকটি যে বিরক্ত হয়ে চ্যানেল পরিবর্তন করবেন সেটা বলার অপেক্ষা রাখে না । আর এজন্যই শ্রদ্ধেয় নাট্যকার /পরিচালকবৃন্দ এহেন পথ অবলম্বন করেছেন । এজন্য শ্রদ্ধেয় লেখক আনিসুল হক 'র কাছে সবাই আজীবন কৃতজ্ঞ...কারণ শুরুটা তিনি-ই করেছিলেন ।
পরিচালক নাসির উদ্দিন মাসুদ , সালাউদ্দিন লাভলু 'র কথা (আরো অনেকেই আছেন এই মুহূর্তে নাম মনে পড়ছে না ) এখানে উল্লেখ না করলেই নয় । তারা সর্বদা আঞ্চলিক / গ্রামের ভাষায় নাটক তৈরি করেন । এটার একটি নির্দিষ্ট দিক আছে । সাহিত্য এই পন্থা কে সমর্থন করে । কেননা এতে করে প্রকৃত খেটে খাওয়া মানুষগুলোর হৃদয়ের কাছাকাছি যাওয়া যায় । তাঁদের প্রতি ভালোবাসা / শ্রদ্ধাবোধ তৈরি করা যায় ।
আমরা আঞ্চলিক ভাষা কে শ্রদ্ধা করি । প্রমিত ভাষার সাথে আঞ্চলিক ভাষার কোন বিরোধ নেই । যারা আঞ্চলিকতা পছন্দ করেন তারা আঞ্চলিকতায় -ই থাকুন , আপত্তি নেই । কেউ আপত্তি করেনওনি কোনদিন । কিন্তু একবার ভেবে দেখুনতো- পৃথিবী তে বাংলা একমাত্র ভাষা যার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়েছিল ! তাহলে আমরা কেন শুদ্ধ সুন্দর প্রমিত ভাষায় কথা বলব না । অনেকেই বলবেন, ''কথা বলাটা আমার ব্যক্তি স্বাধীনতা । আমি যদি আমার নিজের ইচ্ছে মত নিজেস্ব উচ্চারণে কথাই বলতে না পারলাম তাহলে স্বাধীন হলাম কেন ?'' চমৎকার যুক্তি । অকাট্য করছি না । আমি শুধু বলতে চাচ্ছি, একটু উপলব্ধি হোক আমাদের । একবার শুধু ভাবতে বলছি '৫২ কথা.....
ওই উপলব্ধিটুকুই অনেক বড় ব্যাপার । এটুকুতেই হয়ত শহীদের আত্মা কিছুটা স্বস্তি পাবে ।
ব্লগে অনেকের লেখা পড়ি । মন্তব্য করি/করি না । কথা বলতে গেলে অশুদ্ধ উচ্চারণ.....(ঠিক না হলেও) ঠিক আছে কিন্তু লিখতে গিয়ে কেন অশুদ্ধ বাংলা লেখা হয় সেটা আমার বোধগম্য নয় (এখানে বানান ভুল করার বিষয়টি উল্লেখ করছি না )।
কোন=কুন, মনচায়=মুন্চায়, আফসোস=আপসুচ/আপচুস,
এমন=এমুন ইত্যাদি..................হর হামেশা শ্রদ্ধেয় ব্লগার বৃন্দ এগুলো লিখছেন ব্লগ পোস্টগুলোতে । এটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । ব্লগ ফ্যাশন...। (অনেকের এরকম মজার লেখাগুলো অনেকেই খুব উপভোগ করে যা আর বলার অপেক্ষা রাখে না । মন্তব্যের ঝর ওঠে যায় । অথচ একটি ভাল লেখা পড়তে অনেকেরই কতই না অলসতা । )
কেনরে ভাই, আমরা যারা ব্লগিং করি আমরা কেন এরকম লিখব ? বলবেন- '' এগুলোতো মজা করার জন্য লেখা হয় ।''
কিন্তু শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, এই মজার লেখাগুলো লিখতে লিখতে একসময় দেখবেন এগুলো স্থায়ী ভাষা চর্চায় পরিণত হয়ে যেতে পারে । যা আমাদের কাম্য নয় । আমি শুধু একটি আশংকার কথা বলছি কাউকে অশ্রদ্ধা করার জন্য বলছি না । দয়া করে ভুল বুঝবেন না । আপনারা জানেন, বর্তমানে বাংলা ভাষা যে পর্যায়ে আছে তা অনেক বছরের পরিবর্তনের ফল । আধুনিক , সুন্দর, সহজ এবং সাবলিল । এর থেকে আরো বেশি ক্ষুদ্র হলে তখন হয়ত দেখা যাবে , প্রতিটি শব্দ পরিণত হবে এক একটি বর্ণে । আমরা এরকমটি আশা করি না ।
আসুন না আমরা কথা বলতে না পারি অন্তত লেখার সময় শুদ্ধ এবং প্রমিত বাংলা চর্চা করি ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



