আকাশের ঘুমটা আজকেও ভেঙ্গে গেল।
সে ঘড়িতে দেখলো আড়াইটা বাজে। রাতে ও 'যায় যায় দিন' পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। তখন জানালাটা খোলা ছিল। এখন বন্ধ। মা নিশ্চয় রাতে বন্ধ করে গেছেন। এ বাসায় সব কিছুই চলে এই মমতাময়ী’র নিপুণ হাতের ছোঁয়ায়।
আকাশ আজ আবার সেই স্বপ্নটা দেখেছে। এই নিয়ে বেশ কয়েকবার এই অদ্ভুত স্বপ্নটা দেখলো সে। কেমন একটা অস্বস্তিবোধ হচ্ছে তার। বেড সাইড টেবিলে রাখা গ্লাসের পানি পুরোটা একবারে খেয়ে ফেললো সে। তারপর বিছানায় আধশোয়া হয়ে বেনসন এর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলো। কিছুক্ষন চুপ করে বসে সে তার লাইটার দিয়ে সিগারেটটি জ্বালালো। তার লাইটার জ্বালালে সুন্দর বাজনা বাজে। সেই বাজনা রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। একরাশ ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে সে তার অদ্ভুত স্বপ্নটা নিয়ে ভাবতে শুরু করলো।
...অফিস থেকে ফিরেই দেখা গেল আজ বাড়িতে অনেক মেহমান। ভীড় ঠেলে এগোতেই মা’কে দেখা গেল। মা’কে দেখে আকাশ তার কাছে যেতেই তিনি আব্দারের সুরে জিজ্ঞেস করলেন, কি রে আজকের দিনে কী দেরী করে আসে? তিনি মিটিমিটি হাসছেন। আকাশ ভেবে পায়না আজকের দিনের বিশেষত্ব কোথায়! সে মনে মনে বললো-Some thing is wrong some where….! Grossly Wrong! সে মাথা-মুন্ডু কিছু না বুঝেই ধীর পায়ে নিজের রুমের দিকে এগুলো। দরজা ঠেলে আকাশ রুমে ঢুকলো। কিন্তু, এ কি কান্ড! ওর রুমটা ফুলে ফুলে সাজানো। মিষ্টি একটা গন্ধ মৌ মৌ করছে। এসব ছাপিয়েও একটি বিষয় তাকে অস্থির করে তুললো। একজন বেশ ঘোমটা টেনে বধূ বেশে তার বিছানায় বসে আছে। আকাশ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলো। সে একটা উক্তি জানত, এলাম-দেখলাম-জয় করলাম। আর এতো- এলাম-দেখলাম-বিয়ে করলাম! তাকে চমকে দিয়ে মেয়েটি বললো, আমাকে একটু পানি দিবেন প্লীজ। সম্বিত ফিরে পেয়ে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢাললো। কাঁপা কাঁপা হাতে ধরা গ্লাসটি নিয়ে সে মেয়েটিকে এগিয়ে দিল। গ্লাস নেওয়ার সময় ওর হাতের সাথে মেয়েটির হাত লাগতেই যেন বিদ্যুৎ খেলে গেল। যাহ! আর অমনি হাত থেকে গ্লাসটি পড়ে গেল।...
ব্যাস এ পর্যন্তই। এরকম একটি স্বপ্ন বারবার দেখা বড্ড অস্বস্তিকর। ঘটনার আকস্মিকতাও ছাড়া এক ধরনের অপরাধবোধ কাজ করে তার ভেতর। মেয়েটির পানি খাওয়া হলো না!
ঘুম ভাঙ্গার পর তাকে বিছানায় আধশোয়া হয়েই রাতটা পার করতে হয়। এ সময় তার সঙ্গী হয় নিশ্চুপ রাত, গোটা কয়েক সিগারেট আর দূরের কিছু ঝিঁঝিঁ পোকা।
বৈচিত্রপূর্ণ জীবনে কত বিচিত্র স্বপ্ন দেখি আমরা!
(পরের পোস্টে চলবে...)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


