আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

তোমার হাত !

০৬ ই মে, ২০০৭ রাত ১:৫০

শেয়ারঃ
0 2 0

আমার সবচেয়ে প্রিয় উপহার গুলোর কথা তোমাকে আজকে বলি।

ঐ দিন অবশ্য জন্মদিন ছিলো না। স্কুলে পা রাখতেই ক্লাস টু এর একটা বাচচা আমার হাতে ধরিয়ে দিলো একটা লাল গোলাপ । আমি অবাক হয়ে জানতে চাইলাম, কেন? সে শুধু লাজুক হেসে বলেছিলো , "আপনাকে আমার খুব ভালো লাগে ।" ভালোবাসার এত অকপট প্রকাশ আর দেখিনি । গোলাপটা তাই অতুল মহিমায় রয়ে গেছে আমার রুপোর বাক্সে ।

সবচেয়ে প্রিয় কার্ডটা পেয়েছিলাম নাহিদের কাছ থেকে । "ম্যায়নে পেয়ার কিয়া"- ছবির সালমান -ভাগ্যবতীর রোমান্টিক ছবি আলা । বাড়ি আসতে না আসতেই খুলে বসেছি দেখার জন্য যে নাহিদ কি লিখেছে , আর অমনি আব্বু ঢুকেছে ঘরে । "উফ , এই সব কি , ছি ! " বলে বেরিয়ে গেলেন আর আমি বলার সুযোগই পেলাম না , প্রেমের মহামহিম নিদর্শনটা এসেছে একটা মেয়ের কাছ থেকে। কার্ডটা আছে এখনো , ব্রাউন পেপার ব্যাগে ।

ফারাহর সাথে গভীর বন্ধুতের মেয়াদ ২ মাস না হতেই ওরা বদলি হয়ে চলে গেলো সাভার । শুরু হলো আমার ম্যারাথন চিঠি লেখা । কিন্তু , অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট ! ২ বছর পরে দেখা হতেই আমার অভিমান ভরা গালে দুটো চুমু দিয়ে ফারাহ দেখালো "প্রতি সপ্তাহে লেখা ১০৪ টা চিঠি ।" আমার বাড়ি থেকে পোস্ট অফিসটা অনেক দূরে ।মা মরা, বাপ নিরুদ্দেশ মেয়ে আমি। চাইলেই কি আর এই সব ছোট্ট খাট্ট কাজ করে দেওয়ার দাবী কারো কাছে করতে পারি ! " জল চোখে এখনো চুমু খাই পাতায় পাতায়।

নতুন ক্লাসে উঠে যাবো সবাই আর আমি ডায়রীতে সবার অনুভূতি কুড়িয়ে বেড়াচ্ছি । মাজহার অন্য স্কুলে যাওয়ার আগে লিখে দিয়ে গেলো -
" রুধির ধারা রুদ্ধ হয়ে যাবে ,
যাবে না রোধ করা তোমার হাসি মুখ ,
কখনো চেতনায় ,
কখনো স্বপনে,
আর চির জাগরনে ।"
প্রেমহীন ভালোবাসার এই কবিতাটা আমার পাওয়া সবচে' প্রিয় কবিতা !

সেই বছরই নাক লম্বা মাহবুব কি একটা লিখে ডায়রির পাতাটা স্ট্যাপলার দিয়ে আটকে দিলো । আর লিখে দিলো , আজকে থেকে ঠিক ১০ বছর পরে খুলবে , প্লিজ তার আগে যেনো দেখো না। আমি কথা রেখেছিলাম। এক দশক পরে খুলে দেখি লেখা , "ভালোবাসি , ভালোবাসি। আজকে বলবো , যদি হারিয়ে না যাও।" মাহবুব অবশ্য কথা রাখেনি । ৭ বছর আগেই পানিতে ডুবে হারিয়ে গেছিলো আমাদের সবার কাছ থেকে ।

পরিবার শুদ্ধু জাম্বিয়া চলে গেলো আনিকা । আমার সাথে চিঠিতে ভালবাসাবাসি । চিঠিতে ভরে পাঠিয়ে দিলো "ছোট্ট আর পাতলা কিউট একটা ইংরেজি এ" । আমি সেই আনবিক সাইজের লকেট এর জন্য পারোমানবিক সাইজের চেইন খুঁজে হয়রান! অত চিকন রুপার চেইন নাকি বানায় না কেউ! প্রথমবার দেশে আসার সময় আনিকা নিজেই নিয়ে এলো রুপোর কন্ঠ বন্ধনী আর বাঁধলো মিষ্টি ভালোবাসায় । বড় হয়ে সোনা পরেছি , অত সুখ পাইনি আর!

সেদিন জন্মদিন ছিলো । সবাই তো জানেই । কারন তখন আমি ক্লাসের তুখোড় ছাত্রী , খেলার মাঠের অপ্রতিরোধ্য রানী । সুতরাং ভক্ত কুলের "শুভ জন্মদিন" চিৎকারে আর উপহারে উপহারে আপ্লুত সকাল থেকেই । কোথা থেকে এসে হাজির হলো বাদল । ভীষন গোবেচারা , ভোদাই ছেলেটা লজ্জায় কাচুমাচু । জানেই না আমার আজকে জন্মদিন ! মাঠের সবাই করুনা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায় বাদলের দিকে ! কি ক্ষ্যাত রে! আর বাদল!!!!!!! সামরিক বাহিনীর কদম ছাঁটে ছাটা সারা মাঠের ঘাস তোল পাড় করে খুঁজে তুলে নিয়ে আসে কিছু ঘাস ফুল। কানের সোনার রিং খুলে ঐ ঘাস ফুল পরে ঘুরে বেড়ালাম সারাদিন । ভালোবাসাটা অতটা স্বচ্ছ ছিলো বলেই হয়ত বাদল আজও আমার বেস্ট ফ্রেন্ড ।

তুমি কি বুঝলে কিছু ? টের পেলে কিসে আমি হই সবচেয়ে খুশি? কোন উপহারটা আমাকে হাসায় , কাঁদায়? জানি , তুমি ভীষন ব্যস্ত । জানি , আমার আঙুলে একটা হীরের আংটি পরানোর জেঁদ তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় । আমার আসা যাওয়ার পথে কোন ভালো বাস নেই।প্রতিদিন সি এন জি ড্রাইভারের কাছে অপমানিত হওয়া , রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা - তুমি একটা গাড়ি না কিনে থামবে না । বাড়িতে খুব গরম লাগে । কাজের লোক তো দুরাশা । রেনোভেট করে আধুনিক করে দিতে চাও , যাতে আমি একলাই , না না , আমরা দুজন টোনাটুনি সামলে নিতে পারি সংসারের কাজ। আর নিশ্চিন্তে ঘুমুতে পারি এ সি লাগানো ঘরে ।

কিন্তু এই যে দিন রাত , পাগলের মত টাকার পিছনে ছুটছো ! আমার সাথে কথা বলতে ভুলে যাচ্ছো। ছুঁয়ে দিতে ভুলে যাচ্ছো ।চুমু দিয়ে রাগিয়ে দিতে ভুলে যাচ্ছো । ভুলে যাচ্ছো তোয়ালে ফেলে আঁচলে হাত মুছতে ! এই যে তোমার অপেক্ষায় প্রতি সন্ধ্যায় বসে থাকছি ! তোমার সময় হচ্ছে না ৫ মিনিটের একটা ফোন করার । সময় হচ্ছে না আমার কাছে আসার । একবারও কি মনে হয়েছে ? আমার হাতের উপর সবচেয়ে দামী আর সুন্দর উপহারটা হতে পারে তোমার হাত ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অগল্প! ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৭ রাত ১:৫৪
কনফুসিয়াস বলেছেন: ফাটাফাটি! একেবারে পাংখা লেখা!
২. ০৬ ই মে, ২০০৭ রাত ১:৫৮
শমশের আলম বলেছেন: ছবিতে হাতাইন্না পোলাডা ক্যাডা?
৩. ০৬ ই মে, ২০০৭ রাত ২:০০
দ্রোহী বলেছেন: হুম........স্বরুপে "রাগ ইমন"। একটা খারাপ কথা বলি, সেন্টু খাইয়েন না। আপনি রম্য লেখার চেষ্টা করবেন না কখনো। ওইটা জেবতিক আরিফের জন্য। আপনি বরং এভাবেই লিখুন।
৪. ০৬ ই মে, ২০০৭ রাত ২:০৩
ধূসর ছায়া বলেছেন: নস্টালজিক স্মৃতিতে ফিরে গেলাম । অবশ্যই ৫ । আর আমার শোকসে রেখে দিলাম পোস্টটা । মন খারাপ থাকলে বারবার পড়বো ।
৫. ০৬ ই মে, ২০০৭ রাত ২:১০
আছহাবুল ইয়ামিন বলেছেন: সহমত @দ্রোহী

রাগুদি, আপনার আবেগী লেখাই ভাল। অনেক সাবলিল, অনেক গোছানো। রম্য লিখতে গেলে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন।
৬. ০৬ ই মে, ২০০৭ রাত ২:১৬
রাগ ইমন বলেছেন: কনফুসিয়াস , ভীষন শরম পেলাম। ঃ)

শমশের , পোলাডা কেডা এইটা মনে লয় মাইয়াডা জানে । ওরে জিগান ।

দ্রোহী , মনে থাকবে ।

ধূসর ছায়া , ধন্যবাদ।
৭. ০৬ ই মে, ২০০৭ রাত ২:১৯
ফ্রুলিংক্স বলেছেন: তোমাকে নিয়ে ভাবার মতো, অভিমান করার মতো একজন আছে। সেইটাই বা কম কিসে।

কঠিন হইছে।
৮. ০৬ ই মে, ২০০৭ রাত ২:২১
ধুসর গোধূলি বলেছেন: লেখছেন তো সুদারুণই, কিন্তু এইসব কি?
একটা মেয়ের কাছ থেকে ভালোবাসার কার্ড? হায় হায়, এই দিনও দেখতে হইলো আমার। আমাদের দ্যাশে তো আগে এগুলা আছিলো না!
৯. ০৬ ই মে, ২০০৭ রাত ২:২৪
ধূসর ছায়া বলেছেন: জাহাপনা, এখানেও গোলমাল । হুকুম করেন ।
১০. ০৬ ই মে, ২০০৭ রাত ২:২৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভাবছিলাম লগ ইন করব না ...

করতেই হইলো ...

প্রিয় পোস্টে অ্যাড করলাম ... রেটিং দেই না ... দিলে হাইয়েস্টটাই দিতাম ...

প্রেমিকার সাথে ঝগড়া করলাম এইমাত্র ... তার অভিযোগগুলি অনেকটা এই টাইপই ছিল ... বোঝানোর চেষ্টা করছি ওর বোঝায় ভুল আছে ...

এখন মনে হচ্ছে ভুল নাই ... আবার ফোন করতে হবে ...

এখন যাই ... কালকে দেখা হবে আবার :-)
১১. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৩০
ধুসর গোধূলি বলেছেন: এইখানে হুকুম করলে খবরাছে সিপাহসালারররররররর!
তার চাইতে, আংটি পড়া হাতটার নামে একটা মোকদ্দমা ঠুঁকে দ্যান মোহতারামার নিকটে। ব্যাটার হাতটা কেমন জানি মেয়েলী লাগে!
১২. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৩৩
আছহাবুল ইয়ামিন বলেছেন: আসল কথাই বলা হইল না। কঠিন হইছে...

তবে সঠিকভাবে বললে বলতে হয় - উপহারের আর্থিক মূল্যের মতই শব্দ দিয়ে এই লেখার মূল্যমান শব্দে প্রকাশ করা যাচ্ছে না
১৩. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৩৪
রাগ ইমন বলেছেন: ধু গো , মাইর খাবা ।মোটেই মেয়েলী না, শিল্পীর হাত । সুন্দর হাত । সৌকর্যের স্রষ্টার হাত ।
১৪. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৩৫
ধূসর ছায়া বলেছেন: জো হুকুম জাহাপনা । সার্কিটের সাথে কথা হয়েছে । ওরে আমার দায়িত্বটা বুঝিয়ে দিয়ে ঘুমাতে গেলাম ।
১৫. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৩৭
ধূসর ছায়া বলেছেন: জাহাপনা, রাগ ইমন দিদিরে রাজকবি করলে কেমন হয় ?
১৭. ০৬ ই মে, ২০০৭ রাত ২:৫২
ফ্রুলিংক্স বলেছেন: হ আর কাম নাই। রাজকবি করলে তো আস্তাবলের বেবাক জন্তু (নাম উহ্য) পালাবে।
১৮. ০৬ ই মে, ২০০৭ রাত ৩:১৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: হাতের ওপরে আরেকটি হাতের স্পর্শ। এর চেয়ে ভালো উপহার কিছু আছে? ওই স্পর্শেই সব পাওয়া।
২১. ০৬ ই মে, ২০০৭ ভোর ৫:২৭
ইরতেজা বলেছেন: ভালই লেগেছে। আপনার রম্য লিখার প্রচেষ্ঠাকে স্বাগতম জানাই
২২. ০৬ ই মে, ২০০৭ সকাল ৭:৩৮
আরশাদ রহমান বলেছেন: ভালো লেগেছে! হাতের উপরে হাতের স্পর্শ আমার আস্থা বাড়ায়।
২৩. ০৬ ই মে, ২০০৭ সকাল ৯:০৯
মুকুল বলেছেন: খুব ভালো লেগেছে। ৫ দিলাম।
২৪. ০৬ ই মে, ২০০৭ সকাল ১০:৪৭
রাগ ইমন বলেছেন: আছহাবুল ইয়ামীন , ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ফ্রু, কঠিন খুশি হইলাম । ঃ)

ধু গো , অনেক কিছুই ছিলো না। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঃ)

ধূ ছা , নেমক খাও আমার , হুকুম শুনো গ্রে মামুর? তোর গর্দান যাবে!

কিংসুক, ভীষন ভালো লাগলো । সাহিত্য যখন বাস্তবকে ছুঁয়ে দেয় , সেই অনুভূতির তুলনা নেই । কিংসুকি , সুখী হউক। ঃ)

ফারহান দাউদ, ধন্যবাদ।
ফ্রু, কি ব্যাপার ? জন্তু পালাবে কেন?

মুহম্মদ জুবায়ের , তাই বলে ভাবীরে শাড়ি কিনে দেওয়া বন্ধ কইরেন না । ;)

বায়েজীদ , খুব খুশি হলাম।

বোকাই , আমার নামের কোথাও একটা "কে" আছে তবে আমি কে , তা'কে' মনে হয় চেনেন না । ঃ)

ইরতেজা , এই পোস্টটাকে রম্য মনে হলো !!!!!!

আরশাদ , কয়েকটা হাত স্পর্শ দিলে কি হয়?

মুকুল , ধন্যবাদ। আপনার ভালো লাগা ফুটে হোক ফুল । আরো ভালো হয় , হলে আমের মুকুল !
২৫. ০৬ ই মে, ২০০৭ সকাল ১০:৫৫
আরশাদ রহমান বলেছেন: জটিল প্রশ্ন! সময় এবং অবস্থার উপরে নির্ভর করে....... একাধিক হাতের প্রয়োজন হতে পারে আবার এমনও হতে পারে হয়তো একটা হাতই আসলে দরকার....কয়েকটা হাত স্পর্শ দিলেও হয়তো তার মাঝে একটা হাতের স্পর্শই আস্থা বাড়াতে পারে....কে জানে!
২৬. ০৬ ই মে, ২০০৭ সকাল ১০:৫৮
অরুনাভ বলেছেন: কি খবর? কে আবার কার হাত ধরে টানা হেচরা করে? ( মজা করলাম)
স্মৃতিভ্রম হয়েছে আমার...অতীত মনে করতে পারি না...
২৭. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:০৭
ফজল বলেছেন: রাগাপা@ আপনার এই রচনা পড়িয়া আক্ষেপ বাড়িতেছেই কেবল। কেন ইহার মত লিখিতে পারি না?
ঈমানে কইতাছি - ভাল্লাগছে।
২৮. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:১০
পথচারী বলেছেন: এইতো জীবনের কাহন....
কোথাও প্রকাশ ...কোথাও অপ্রকাশ...
কোথাও পষ্ট কোথাও বা ধোঁযাময়..
এইতো জীবন , এমনই তো হয়
২৯. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:২৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দেশটা দেখি অনেক আগে থেকেই আগানো ছিলো... এখনো?
কিচ্ছু চায় না ... আবার হিরার আংটি... এসি বাসা... গাড়ি... হা .. হা.. হা.. আর কি বাকি থাকলো?


==================
"আমার হাতের উপর সবচেয়ে দামী আর সুন্দর উপহারটা হতে পারে তোমার হাত" অদ্ভুত সুন্দর.. ধন্যবাদ আপনার চমৎকার লেখনির জন্য
৩০. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:২৯
রাগ ইমন বলেছেন: আরশাদ , দারুন উত্তর ! ঃ)

অরুণাভ , সেই রকম কিছু না ! ঃ)ধন্যবাদ ।

ফজল ভাই , এই ভাবে লজ্জা দিলে চইল্পে! আরে লিখেন লিখেন , বাজে লিখতে লিখতে ভালো লেখা বের হয় । ছবি তোলার নিয়ম হলো , ১০০টা ছবি তুললে ১০টা ভালো হইতেও পারে । সেইম এপ্লাইস ফর রাইটিং! উপদেশ দিয়ে ফেললাম, কিছু মনে কইরেন না ! আর ইহার মত না, নিজের মত লেখেন । [ দ্রোহীর উপদেশ দ্রষ্টব্য ]

পথচারী , হয়ত । এট্টা কথা কই? আমার ব্লগে ঢুকার সময় শার্ট পইরা ঢুকলে হয় না?
৩১. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৩৪
রাগ ইমন বলেছেন: প্রতু , এই সব চাওয়ার মধ্যে দোষের কিছু তো দেখি না! সৎ পথে হইলেই হলো ।
তবে , পাইতে গিয়ে জীবনের সবচেয়ে বেশি আর সত্যিকারের দামী যেই জিনিস , ভালোবাসা , তারে অবহেলা করাটা মনে হয় চরম বোকামি!
৩২. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৪৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সৎ ভাবে এত্ত কিছু একত্রিত করা আসলেই কষ্টকর...

সবচাইতে ভাল হইলো... সকালে ঘুম থেকে উঠে পিয়াজ দিয়ে ৪টা বাসিভাত মুখে দিয়ে নিজের ক্ষেতে ছোটা... দুপুরে বউটার সাথে ধোয়া ওঠানো ভাত... শেষে ... 'এই পানটা মুখে দেও' বউয়ের হাতে বানিয়ে দেয়া পান চিবুনো... তাল পাতার বাতাস... আহা...


কষ্ট ইফেক্টিব ভালোবাসা
৩৩. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৪৮
পথিক!!!!!!! বলেছেন: আমি মেয়ে মানুষ না....উর্ধ্বাংশ আচ্ছাদিত করা না করা গুরুতআবপূর্ণ ব্যাপার না তাই.....
তারপরও গরম কমলে কাপড় পড়ে আসব.....
৩৪. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৫৩
রাগ ইমন বলেছেন: প্রতু , আজকে , এই এক্ষন , বাইরে গিয়ে দুই ঘন্টা রোদে দাঁড়ায় থাকেন । হাল চাষ করা লাগবে না । তারপর ফিরে এসে , এই "রোমান্টিক " গপ্পো মাইরেন ।

পথিক , আল্লাহর অশেষ রহমত , তুমি মেয়েও না , মানুষও না । ঃ)
কিন্তু , আমি তো মেয়েমানুষ ! তোমার বানিয়ান প্যহেনকে তসবির দেখে বিরক্ত লাগছে । তুচ্ছ একটা ব্যাপার , কিন্তু আমার ভালো লাগে না , এই আর কি!
৩৫. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৫৬
পথিক!!!!!!! বলেছেন: মেয়ে যে না তা তো বললাম ই।
আপনার মতো ্জ্ঞি দিদি আরও বলে দিলেন মানুষও না...
তাইলে তো বানিয়ান বা দিগম্বর ...যেমন নেই আসি কোন ব্যাপার না....

তাই অমানুষীয় পথিকের বস্ত্র ভাবনা পরিহার্য ...
৩৬. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৫৮
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা , পথিক খেপ্সে রে ! ঃ) ঃ) ঃ)
৩৭. ০৬ ই মে, ২০০৭ সকাল ১১:৫৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: রাগু আপা, শুধু কিংসুকি সুখি হইলেই হবে? কিংসুকের কোন দাম নাই? :-(
৩৮. ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:০২
রাগ ইমন বলেছেন: কিংসুক কি হিংসুক? ঃ)
হি হি
ভেবেছিলাম , কিংসুকির সুখই কিংসুকের সুখ ! এখন দেখি আলাদা একাউন্ট !
৪০. ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:১৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হা.. হা.. হা..
এইখানে তো আরো সুখ... পরিবার দৌড়াইয়া আইবো... আহা.. আমার স্বোয়ামীটা রইদ্দের মইধ্যে গতরডা পোড়াইয়া ফেলতাছে... তাল পাখার বাতাস... সাথে টিউবওয়েল এর ঠান্ডা পানি... মুখ ধুয়ে বউ এর আচলে মুখ মুছবো... গাছের নিচে দুজন বসে খুনোসুটি... মিস্টি হাতের বাতাস... আঁচলে করে আনা খেজুড় গুড় সাথে মুড়ি.. .. .. ..
রোমান্টিক না?
৪১. ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:১৫
বকলম বলেছেন: তবে পোলাডার বয়স কম মনে হইতাছে।
৪২. ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:৫০
মিসকল বলেছেন: মেয়েরা স্বভাবতই তাহলে প্রথমে না না বলে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কামনা করে, ঠিক না রাগুনি...
৪৪. ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:০১
রাগ ইমন বলেছেন: বকলম, মিসকল , ফাহা - ধন্যবাদ।
৪৫. ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:২৫
সন্ধ্যাবাতি বলেছেন: তুমি এই মোবাইল যুগেও ঘড়ি পরো কেন?
লেখা ঝাক্কাস!
৪৬. ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৬
রাগ ইমন বলেছেন: সন্ধ্যা, তোরে ৪ দিলাম। ছবির দিকে বেশি মন যোগ দেওয়ার জন্য ১ নম্বর কাটা ।
৪৭. ০৬ ই মে, ২০০৭ রাত ১১:২১
আলভী বলেছেন: ফাটানো লেখা দিদি। ৫
৪৮. ০৬ ই মে, ২০০৭ রাত ১১:২৮
রাগ ইমন বলেছেন: আলভী ছেলেটা খালি লজ্জা দেয় । ঃ(
৫০. ০৭ ই মে, ২০০৭ বিকাল ৪:৫২
আজাইরা বলেছেন: একটা ভাললাগার অনুভূতি
অাচ্ছন্ন অামি অােবশে

ধন্যবাদ, রা ই
৫২. ০৬ ই জুন, ২০০৭ রাত ১২:৪৬
কালপুরুষ বলেছেন: এই লেখাটা সত্যিই ভাল হইছে। ফাটাফাটি একটা লেখা। তোর যোগ্য লেখা। যা তোর হওয়া উচিত তেমন।
৫৩. ০৬ ই জুন, ২০০৭ রাত ১২:৫১
আলী বলেছেন: "ভালোবাসি , ভালোবাসি। আজকে বলবো , যদি হারিয়ে না যাও।" "কানের সোনার রিং খুলে ঐ ঘাস ফুল পরে ঘুরে বেড়ানো।" "আমার হাতের উপর সবচেয়ে দামী আর সুন্দর উপহারটা হতে পারে তোমার হাত ।"
৫৪. ০৬ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৪
রাগ ইমন বলেছেন: মাঝে মাঝে গুছিয়ে ভাবার সময় পেলে মনে হয় একটু ভালো লেখার চেষ্টা করতে পারতাম। আফসোস !
৫৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৮
শেখ জলিল বলেছেন: লিখুন- এরকম আরো অনেক। পড়তে ভলো লাগে।
৫৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
রাগ ইমন বলেছেন: জলিল ভাই, এই সব লেখা ইদানিং আসে না ।অথবা মাথায় আসে কিন্তু লেখা নিষেধ । এই পোস্টটা আমার নিজের খুব প্রিয় । ভীষন প্রিয়।
৫৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ, তুমি রাত্রি হলে হবো নিরবতা। এই গানটাকে রিং টোন করতে চাই। কিন্তু কই থেকে কি করবো বুঝতে পারছি না।
৫৯. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
নীলাঞ্জনা বলেছেন: আমি কেমন করে যেন সবচেয়ে সুন্দর লেখাগুলো সবচেয়ে দেরিতে পড়তে পারছি। খুব খারাপ লাগছে এই জন্য।


চোখে জল এনে দিলো লেখাটা।
তাই ৫ দিলাম আর শোকেস সাজানোর জন্য নিলাম।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আর সাথে অগ্রীম ঈদ মোবারক জানাচ্ছি।
৬০. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
রাগ ইমন বলেছেন: নীলাঞ্জনা , আমার চোখেও পানি আনলে ।
৬১. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৫
সুলতান বলেছেন: সাধারন পাঠক আমি , আপনার লিখা মনকে অল্প সময়ে উদাস করেছে । কষ্ট পেয়েছি , তবু্ও ধন্যবাদ ।
৬২. ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৪
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ সুলতান । ঈদ মোবারক।
৬৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
েজবীন বলেছেন: খুবই ভাল লাগল.......
৬৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০২
আবুফয়সাল আহমেদ বলেছেন: রোমান্টিক । অসাধারণ লিখেছেন।
৬৬. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৮
আইসিস বলেছেন: মন খারাপিয়া লিখা , তবে ফাটাফাটি ।
৬৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
রিমি (স. ম.) বলেছেন: মন খারাপ করে দেয়া লেখাগুলো কেন যে এত ভাল লেগে যায়!

 

মোট সময় লেগেছে ১.০২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ