পিছনে রেখে গেছে শীর্ণ হাতের সারি
কেউ মা , কেউ গল্প বলা নানী
কেউ হতেও পারে নদী ভাঙা কোন পুর নারী
আমি ওদের ভরাতে পারি না কোন ভাবেই
আমি ওদের ফেরাতে চাই না বিকলাঙ্গ উলঙ্গ পথে
তবু ওরা হাত চুড়ি বিহীন কংকাল নাচায় আমার চোখেই
আমি হাঁটতে চাই ভন্ড সবুজ সুফলা পথে পথে
আমার দেহ ভরা বিষ , আমি নীলে নীলে আজ রাজকীয়
আমার ভুলে যাওয়া উচিত যত মেটে রঙা গ্রাম , শূন্য পুকুর
কেন ওরা বার বার আসে , বাজায় বিষাক্ত বাঁশরীয়
আমি নুয়ে পড়ি যেন লোম ওঠা ঘেয়ো আস্তাকুঁড়ের কুকুর
আমার পরনের রেশম ফেড়ে বেরিয়ে আসে ৬৮ হাজার লাশ
ওরা বার বার খুলে দেয় কষ্টের খেরো খাতা
আমার স্বচ্ছল , দামী , শহুরে জীবনে বিবেকের উপহাস
আমি ছিড়তে চাই , ভুলতে চাই , একটা বেলা দাও বিধাতা
আমি কালকেই ফিরবো আমার যাপিত নিকষ অন্ধকারে
আমার মুক্তি নেই , আমি জানি , চিন্তা চিতার আগুন ফিরিয়ে নাও
আমি তো মরেই আছি অক্ষমতার সর্পিল চক্রাকারে
আজ ,এক বেলা , আমাকে একটু আমার মত থাকতে দাও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

