আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

জন্মদিন ( উৎসর্গঃ রাত মজুর)

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৩

শেয়ারঃ
0 7 0

মেয়েরা কেন যে লাল শাড়ি পরে ! ধুত্তারি! এই যে মানুষ মহিষ তাড়ানোর জন্য লাল রঙ দিয়ে রাগায় সেইটা থেকেও তো কিছু শেখার আছে, আছে না? মানে, পুরুষ আর মহিষ খুব একটা পার্থক্য কি? নাই বলেই তো বৃষ রাশি বলে একটা রাশি আছে । গজ গজ করতে করতে ছেলেটা অসহায় চোখে আড়াল খোঁজে । মেয়েটা লাল শাড়ি পরবে, সেইটা কারো দোষ না । লাল শাড়ি পরলে ছেলেরা তাকাবে , সেইটাও কারো দোষ না। কিন্তু ছেলেটা কেন রাস্তার হাজার হাজার চোখ গুলোতে ঘুষি মেরে আলু বানাচ্ছে না, সেইটা তার দোষ । শুধুমাত্র এই যন্ত্রনার কারনেই ওকে বলেছিলো , বাইরে গিয়ে কাজ নেই চলো ফাস্ট ফুডে বসি । ঝাড়ি খেতে হলো । এটা নাকি মেয়েটাকে বিয়ের আগেই মোটা বানিয়ে শাশুড়ির চক্ষুশূল বানানোর চিন্তা । রীতিমত দেশদ্রোহীতার কাছাকাছি । এই সব ভ্যান তারা কাঁহাতক সহ্য হয়? বন্ধুর বাসার কথা বলে শেষ করতে পারে নাই , এ টি এম শামসুজ্জামানের মতন নারীলোলুপ ভিলেন জাতীয় উপাধি , তারপর কান্না এবং যথারীতি কথা বন্ধ ।
“আমি তোমাকে বিশ্বাস করেছিলাম।“ আরে মর জ্বালা রে ! কিয়ের মধ্যে কি! আর পারি নাহ! এই শহরটার মাথায় ঝাটার বাড়ি । একটা জায়গা নাই যেখানে একটু শান্তিমত বসে কথা বলা যায় । ছেলেটা এবার সত্যি সত্যি অসহায় বোধ করে । ইফতারের পরে টিউশনিতে যেতে হবে । যদিও সে নিজে মহা রোযাদার না কিন্তু না চাইলেও থাকতে হয় কারন এ সময় মেসে রান্না বন্ধ থাকে । বুয়ার রান্নার খরচ সবাই মিলে দেওয়া হয় । কেউ না খেলে একার পক্ষে রান্নার টাকা দেওয়া ছেলেটার পক্ষে সাজে না। ও সব বিলাসিতায় না গিয়ে বরং একমাস ধার্মিক হওয়া ভালো । কিন্তু আজকে মানছে না গো। মাথাটা কেমন ঘুরায় । রাত করে ঘুমিয়ে সেহরীতে ওঠাও হয়নি । পাশের ঘরের বড়ভাই দুই একবার ডেকে ক্ষান্ত দিয়েছেন হয়ত । মনেও নেই । লাশের মত ঘুম হয় আজকাল । পয়সা বাচাতে গিয়ে পান না , সিগারেট না, চা না – শখ করে কিছু করা বললে তো ঐ ঘুমই । ঐটুকু সে পুরোমাত্রায় আদায় করেই নিতে চায় ।
“তাহলে কি রিকশায় করে ঘুরবে? “ উত্তরের আশংকায় এই প্রখর রোদেও ছেলেটার ঘাম আসে । এক ঘন্টা মানে ৭০ থেকে ১০০ টাকা । মেয়েটার মাথা নাড়া দেখে হাপ ছেড়ে বাঁচে ছেলেটা । মনে মনে একটু আদর ও করে দেয় ওর ভেজা লালচে গাল দুটোয় । আহারে, রোদের ভিতর দাঁড়িয়ে থাকতে থাকতে হাপিয়ে উঠেছে । “তাহলে চলো রাস্তায় বসি।“ “ এমা! ছিঃ ! রাস্তায়?” পাট ভাঙ্গা সুতির শাড়িটার দিকে তাকিয়ে মেয়েটার মুখটা করুন হয়ে ওঠে । জ্বালালে দেখছি! “তাহলে কি ইফতার পর্যন্ত এরকম দাঁড়িয়ে থাকবো ?”
গলার স্বর কি একটু উঠে গিয়েছিলো ! মেয়েটা কুকড়ে যায়। নাহ , ঠিক হলো না । লক্ষ একটা রক্তরাঙ্গা চোখ এড়িয়ে , হাজারটা কাজের থেকে সময় বাঁচিয়ে এই যে একটা ঘন্টার জন্য শহরের এ প্রান্তে আসা- সে তো তারই জন্য। হয়ত হেঁটে এসেছে অনেকটা পথ । স্বীকার করবে না যদিও। মনটা খারাপ লাগে । আকাশের ও মন খারাপ। একটা ছাই রঙা পর্দা এগিয়ে আসছে উত্তর পূবে । পশ্চিম তখনও রোদে উজ্জ্বল, তাপ নেই অতটা । ঘড়ি বলছে একটু পরেই নামবে অন্ধকার। বেশ খানিকটা দর কষাকষি করে একটা রিকশাতে উঠেই পড়ে । ধানমন্ডি লেক। মেয়েটা ব্যাগ থেকে এক বোতল পানি বের করে। আর কাগজে মোড়ানো কিছু একটা । কালোমত বস্তুটা যে একটা খাদ্যদ্রব্য উহা না বলিলে বুঝা যাইতো না । মেয়েটার চিকন স্বর আরেকটু ফিস্ফিসে হয়ে উঠে । “না মানে , ওভেন তো নেই তাই সস্পেনে একটু চেষ্টা করেছিলাম।“ বস্তুটির নাম কি হইলেও হইতে পারে যেইটা ওভেনে বানাইতে হয় ভাবতে ভাবতে ছেলেটা আরেকটু অন্যমনস্ক হয়ে পড়ে। ও আসলেই ভুলে যায় মেয়েটার মাথায় বেলী ফুলের কথা, লাল আঁচলের কথা, দেখা করার তাগিদের কথা আর কাগজে মোড়ানো বস্তুর তাৎপর্যের কথা। সূর্য ডোবে , তার সাথে ডোবে ছেলেটার নাম খুঁজে পাওয়ার আশা । মেয়েটা একটু ঘন হয়। শুভ জন্মদিন ! নাও, কেক খাও। জন্মদিন ! আজ তার জন্মদিন নাকি! যে মানুষটার নাম, পরিচয়, শরীর, জীবন, অস্তিত্ব এই শহর উপেক্ষা করে , ভূমিষ্ঠ হইবার স্থানটি যাকে ভুলে যেতে পারে অবলীলায় – সেই তার জন্মদিন কারো স্মরণের যোগ্য হয় ! কেউ তাকেও উদযাপন করে ! বিস্ময় ! বিস্ময়!
সারাদিনের ক্লান্তি, কষ্ট, ক্ষুধা, হতাশা ডিঙিয়ে শান্ত বাতাসে এইবার ছেলেটা সব দেখে। বেলী ফুল দেখে। লাল শাড়ি দেখে। কাঁচা হাতে টানা কাজল দেখে। আর দেখে মানুষ কেন ভালোবাসে। এই কোটি কোটি মানুষের পৃথিবীতে কেউ একজন কি এমন গুরুত্ব বহন করে ? আমাদের কয়জনকে মানুষ মনে রাখে? কেনই বা রাখবে? অর্থহীন এই বেঁচে থাকায় একজন কেউ যদি বলে , আমি তোমায় মনে রাখি। তোমার ছোট ছোট একঘেয়ে দিন গুলোকে, দুঃস্বপ্নের রাত গুলোকে, তুচ্ছ আবেগ ভুল গুলোকে – আমি দেখি। আমি তোমাকে দেখি। সেই তো ভালোবাসা। অতি সাধারন কেউ, কারো চোখে অসাধারন হয়ে ওঠা।
ছেলেটা আর মেয়েটা হাতে হাত রাখে। ভীষন বিচ্ছিরি আর কালো তিতকুটে জিনিসটা খেতে খেতে ওরা হাসতে হাসতে গড়িয়ে পড়ে । ওদের কোন নাম নেই । আমরা ওদের নাম জানি না। জানতে চাইও না । কারন আমাদের কাছে ওরা মনে রাখার মত কেউ নয়।

যদিও , ওরা পরস্পরে মনে রাখে। ভালোবাসে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অগল্পহ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৮
রুবেল শাহ বলেছেন: জন্ম দিনে শুভেচ্ছা ও শুভ কামনা রাতের জন্য......


শুভেচ্ছা আপু তোমায়.........

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: আরে আমারে না, ধন্যবাদ ভালোবাসা রে ।

২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯
আজমান আন্দালিব বলেছেন: সেই তো ভালোবাসা। অতি সাধারন কেউ, কারো চোখে অসাধারন হয়ে ওঠা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: আপনাকে প্লাস।

৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১০
মনজুরুল হক বলেছেন: "ওরা পরস্পরে মনে রাখে। ভালোবাসে। "আমার চালকুমড়োমার্কা মাথায় কিছুই খেলতাসে না,কি তে কি হইতাসে ?তয় লেখাডা ভাল। কিছু একটা আসে যা ধর্তার্তেসিনা !!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: ভালোবাসা নামক দুর্ঘটনাতে কি যেন একটা থাকে, আমিও ধর্তারি না। ঃ(

৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১
রাতমজুর বলেছেন:
ভালোবাসা আসলেতে
পিটুইটারীর খেলা
আমরা বোকারা বলি প্রেম....

Click This Link

ভালো লাগলো, ধন্যবাদ, সেদিন লাইন চলে গেছিলো, পরে আর ম্যাসেন্জারে আসা হয়নি। আসবো, এসে কল দেবো একদিন।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: তুমি যাই বলো আমি ভালোবাসার পখেই রায় দেব
তুমি যতই ধরো টুঁটি চেপে প্রেমের গানই গাবো ।

ঠিক আছে, দিও কল ।

৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১
তামিম ইরফান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ধ্রুব ভাইকে:)


২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: ঠিক ঠিক । লিখাটা কেমন হইসে কেউ কয় না । ঃ( আফসুস !

বাচ্চারা লিখতে শিখবো কি করে ? বড়রা সাহায্য করে না।

৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৫
শফিউল আলম ইমন বলেছেন: অনেকদিনপরে রাগআপুর ছোটগল্প। রাতমজুরকে নিয়ে গল্পটা ভালোই হইছে।:)
রাতমজুর ভাইরে জন্মদিনের শুভেচ্ছা।

তোমাকে ও অনেক শুভেচ্ছা আপু।
ভালো থেকো।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: ঠাংকু ঊ ঊ ঊ ঊ

৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৭
গোলাপি বলেছেন: সবার মনে রাখার দরকার নেই। যাদের কথা, তাদের মনে থাকলেই হলো :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: সম্পূর্ণ সহমত ।

কেকটা কেমন হইলো , গুল নাহার বিবি ?

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৮
মনজুরুল হক বলেছেন: রাত মজুররে উৎসর্গ কইরা একটা গান ছাড়লাম......লিঙ্ক ওপেন হইল না! শেষ পর্যন্ত আনাড়িই রয়ে গেলাম......
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: দুষ্ক !

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৮
গোলাপি বলেছেন: শুভ জন্মদিন রাতমজুর...
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৫
নামহীন মানব বলেছেন: আজকি ধ্রুব ভাইয়ের জন্মদিন নাকি? জানা ছিলো না। ধ্রুব ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

@লেখকঃ কেমন আছ আপু?
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: ভালো আছি নামা, তোমার কি খবর ? বহুদিন কথা হয় না ।

১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৭
মনজুরুল হক বলেছেন: ৩ আর ৪ কম্পাইল কইরা কিছু একটা যেন ধর্তার্তেসি.........ফুলেরা পাঁপড়ি মেলেছে.............
১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৫
ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:
ঝরঝরে লেখা। ফইড়া ভাল্লাগছে :)
১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৬
তামিম ইরফান বলেছেন: আপনের লেখা সবসময়ই অসাধারন হয়:)....তাই নতুন কইরা কিছু বললাম না:)......।তয় বাচ্চা কারে কইলেন:-*..।আমারে না নিজেরে?:-*
১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৪
ইমরান হাসান বলেছেন: জটিল লিখেছ আপু :) কেক নিয়ে স্মৃতি মনে পরে যায়, মারাত্বক কেক বানাতো আমার এক ফ্রেন্ড - কোন জন্মদিনে মিস হতো না ! এখন অবশ্য আগের সম্পর্ক নাই :(
১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৩
দাম্পত্য বলেছেন: "অর্থহীন এই বেঁচে থাকায় একজন কেউ যদি বলে , আমি তোমায় মনে রাখি। তোমার ছোট ছোট একঘেয়ে দিন গুলোকে, দুঃস্বপ্নের রাত গুলোকে, তুচ্ছ আবেগ ভুল গুলোকে – আমি দেখি। আমি তোমাকে দেখি। সেই তো ভালোবাসা। অতি সাধারন কেউ, কারো চোখে অসাধারন হয়ে ওঠা। "
অনেক অনেক মানবিক ভালবাসার কথা বলেছেন। ধন্যবাদ
১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫১
চিকনমিয়া বলেছেন: তাইনি?
তাইলে হেপি বাড্ডে
১৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০২
তারার হাসি বলেছেন: মনে রাখার কিছু নেই, ওরা পরষ্পরকে মনে রাখলেই চলবে।
ভাল লেখার জন্য শুভেচ্ছা।
১৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৫
কঁাকন বলেছেন: এই প্রথম লাল শাড়ি পরা ডাইনির কথা পড়লাম ;)

অনেক ভালো লাগলো

ভালো থাকুন

শুভ জন্মদিন রাতমজুর
১৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২১
নুশেরা বলেছেন: হুমমম। শুভ জন্মদিন, রাতমজুর
২০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো ইমন..। দারুণ লিখেছো।
কেমন আছো?
শুভকামনা তোমার জন্য।

(ধ্রুব.....অনেক শুভেচ্ছা জন্মদিনে)।
২১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ধ্রুব ভাইয়ের জন্যে শুভেচ্ছা ওনার ব্লগেই রেখে এসেছি। এখানে তাই আপনার লেখারই প্রশংসাটুকু করি। পড়ে খুবই ভালো লেগেছে! :)
২২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৯
মিঞা ভাই বলেছেন: এইটাকি ওগের গল্প?
২৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দারুণ লেখছেন...
জন্মদিনের শুভেচ্ছা...কার জন্মদিন বুঝি নাই যদিও...বাঙ্গালী হইলাম আরকি, দেখাদেখি শুভেচ্ছা :)
২৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
নাঈম বলেছেন: I was about to cry after reading this post....
২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০০
চাঙ্কু বলেছেন: রাগু আপু @ লেখা আমাগো পাশের বাসার লেখার লাহান হইছে । তয় সেই লেখা কিরাম হেইডা কমু না , কইলে কইবেন আমি চাম্পাবাজি করি।আফসুস
২৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৪
দূরন্ত বলেছেন: শুভ জন্মদিন রাত মজুর :)

ভালো লাগলো।
২৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৮
বাবুয়া বলেছেন: খুব সুন্দর লেখা। কিছু কিছু লেখকের লেখা সব সময়ই সুন্দর। আপনি তাদেরই একজন।
২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

জন্মদিনে রাতমজুরকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে........!

ভালো থাকুন......! শুভেচ্ছা রইলো।
২৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
মাহবুব সুমন বলেছেন: বৃষের শিং নিয়ে টানাটানী করার জন্য মাইনাস ( ভুলে প্লাস দিয়ে দিয়েছি :( )
৩০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯
এমিল বলেছেন: কত্তদিন পর আপনার লেখা পেলাম
৩১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
সারিয়া তাসনিম বলেছেন:
না । ভূল । ভালোবাসা নেই , ছিলও না । জানো ভালো করেই , তবুও কেন অস্বীকার করো ? রাগ লাগে

শুভ জন্মদিন ধ্রুব !
৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯
জেরী বলেছেন: শুভ জন্মদিন রাত মজুর ভাইয়া।

ভালো লাগলো ,আপু
৩৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬
ফ্রুলিংক্স বলেছেন: শুভ জন্মদিন রাত মজুর ভাইয়া।

লেখাটা জুস হইছে।
৩৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
রুখসানা তাজীন বলেছেন: সাস্পেনসহীন মিষ্টি প্রেমের গল্প।

অনটপিকঃ রাতমজুরের সাথে লালশাড়ির সম্পর্কের বিষয়টি নিজের ভাষায় সবিস্তারে বর্ণনা করো।
৩৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
পথিক!!!!!!! বলেছেন: মনে থাকবে কি করে , এ চিত্র তো এক থেকে লক্ষে
৩৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২
রাতমজুর বলেছেন: শ্বাশুড়ি আম্মা এই বছর ফাঁকি দিছেন /:)

 

মোট সময় লেগেছে ১.৬৫৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ