আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

আমার মধ্যবিত্ত চেহারা আর পলাশীর প্রান্তর

০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১:৪৬

শেয়ারঃ
0 0 0

[ এইটা কোন গুরুত্বপূর্ণ পোস্ট না , যাপিত অন্ধকার । আমার ছোট্ট মাথায় আঁটছে না বলে ব্লগের পাতায় ঢেলে দিলাম । বন্ধু মানলে পড়েন, দুইটা গালি দিয়া বলেন , সামলায় নে , ধৈর্য্য ধর। শত্রু মানলে সানন্দে মাইনাস দাগিয়ে চলে যান কিংবা আমি কত্ত বড় ধান্দাবাজ , সেইটার প্রমান পেয়ে আনন্দিত হোন । তবে ভালো থাকুন, যতটা থাকা সম্ভব । অন্তত , আমার চেয়ে ভালো থাকুন, আল্লাহর কাছে মিনতি ]

"শা..." এর ফোনটা যখন এলো তখনও বড়ভাই এর খবর জানি না । প্রতিটা ফোনকেই মনে হয় , এই বুঝি খবর পাব , হয়ত পালিয়েছিলো অথবা ফোন করতে পারছিলো না । "প..." ভাই এর লাশ সনাক্ত করা গেছে , কথাটা তাই শেলের মত বিঁধলো বুকে। কত্ত ছোট্ট বেলা থেকে এক সাথে বড় হয়েছি । কত্ত স্মৃতি ! ইয়া লম্বু বলে পেয়ারা পেড়ে দেওয়া কিংবা বীর বিক্রমে তেলাপোকা মেরে আমাকে আর " মি..."কে প্রানহানি থেকে রক্ষা করা । কত প্যারেড, কত বার্ষিক ক্রীড়া , কত এক সাথে বাড়ি ফেরা , কত নীল ও সাদা দিয়ে বাঁধানো সুখের ছবি । তার ঠা ঠা হাসি । বড় শখ ছিলো সেনা অফিসার হবে , ছোলা খেয়ে বুক ডন দিতো আর টিংটিঙা গলায় মাফলার বেন্ধে জ্ঞান দিতো , " আমার আবার ঠান্ডা লাগার ধাত, বুঝলি ? তো ফিজিকাল এর দিন যদি সর্দি লাগে , তা'লে কি বেইজ্জতি হবে বল দেখি!"

ভাবী আর্তনাদ করে কাঁদছেন আর বার বার জ্ঞান হারাচ্ছেন। শুনতে শুনতে আমার গাল ভেজে , বুকের ভিতর সব এলোমেলো আর আগুন , কেবল আগুন। ভাবীর জ্ঞানহীন দেহটা আমার কল্পনায় কেমন করে যেন "প..."ভাই এর প্রানহীন দেহের সাথে মিলে মিশে একাকার হয়ে যেতে থাকে । আমি আর কিছুতেই দুইজনকে , দুই ভুবনকে আলাদা করতে পারি না । "শা..." কোন রকমে চিবিয়ে চিবিয়ে উচ্চারন করে , " একটা রাইফেল যদি পেতাম, শুয়োরের বাচ্চাগুলোকে নিজের হাতে মেরে রেখে আসতাম।" আমি কিছু বলি না ।

আমি অবশ্য আরো অনেক কিছুই বলি না ।যেমন , বলি না যে ১৫০০০ বি ডি আরের সবাইকে আমার শুয়োর মনে হচ্ছে না । বলি না যে সমস্ত ক্ষোভ, কান্না , কষ্ট , দ্রোহ অনুভব করার পরেও খুনের বদলে খুন করাটা অনুচিত মনে হচ্ছে । বলি না , প্রতিশোধ নিতে গেলে দেশে গৃহযুদ্ধ বাধবে , আজ নয়ত কাল। বলি না , এইটা ধৈর্য্য ধরার সময় । বলি না , ব্যক্তিগত শোককে সামলে রেখে দেশের স্বার্থে আমাদেরকে কিছু শুয়োরকে কোর্ট মার্শাল নয়, সাধারন আদালতে বিচার করতে হবে । বলি না , এই শুয়োর গুলোকে ফাঁসি দিতে আরো কিছু সময় নিতে হবে । বলি না , সকলেই জড়িত ছিলো না , তাই সকলকেই এক ভাবে বিচার করা ঠিক হবে না । বলি না , মানবেতর জীবনযাপনকারীরা উন্মত্ত হলে ইতরের মতই আচরন করে।

এই সব জ্ঞানের কথা । আদর্শের কথা। এইগুলা ব্লগে বলা যায় । ব্লগে আলোচনা করা যায়। লাশের সামনে দাঁড়িয়ে রাইফেল আর শুয়োরের সাথে একমত হওয়া ছাড়া উপায় নাই। আমি তাই , চোখের পানি মুছে লিখতে বসি । ভাবী ও "শা..." এর সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করতে বসি । আমি আমার বন্ধু, সহপাঠী, আত্মীয়, পরিবারের বিরুদ্ধে লিখতে বসি। পাগলামি করতে ইচ্ছা হয় বলে লিখতে বসি। বাংলাদেশটা টিকবে কিনা ভেবে লিখতে বসি। এক ফোটা ঘুম কিছুতেই আসে না বলে লিখতে বসি। নিজেকে কি এক অজানা আক্রোশে ফালা ফালা করে দিতে ইচ্ছা হয় বলেই ... হয়ত ...

মাথার পিছনে শত শত মীরজাফর ঠা ঠা করে হাসে আমার দুর্ভাগ্য দেখে , হাসে ভাগ্যবিধাতা। ব্লগীয় পলিটিক্স জিতে নাকি অনেক কিছু করা যায়। যদি, ভাইয়ার জীবনটা ফেরাতে পারি!

ভাইয়া , তুমিও কি হাসতে পারছো কোথাও এই বোকা বোনটার পাগলামি দেখে ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাপিত অন্ধকার ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৪২
রাগ ইমন বলেছেন: কত আজে বাজে , নোংরা ভালো লেখাই তো লিখলাম । ভাইয়া, তোমার কথা না লিখলে ... কি জানি ... কবিতার বইটা শেষ করিনি বলে বকা দিতে এসো , স্বপ্নেই এসো ।

বিয়ের পরে আর কথা হয়নি , মনে করো , এইটাই তোমাকে বলা আমার কথা ।
২. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৪৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মাঝে মাঝে সুশীল হতে ইচ্ছে করে না। এই সংক্রান্ত তাই কোনো পোস্টে কমেন্ট করতেও ইচ্ছে করে না।
০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: তাও তো করেই ফেললেন । বাদ দেন । মাঝে মাঝে মনে হয় , যারা মরে যায়, তারা কি মরে গিয়ে বেঁচে যায় ?

বিচারের শলাকাটাকে কেন " দন্ড" বলে , এইটা এখন বুঝতেছি । ভালো থাকেন । অন্তত চেষ্টা করেন ।

৩. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৫০
কায়েস মাহমুদ বলেছেন:

ভাঙ্গা পেন্সিলের চেয়ে আমি আরো বড় সুশীল। তাই মন্তব্য করলাম না।
৪. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৫৩
কিংশুক০০৭ বলেছেন:
মন্তব্য করার জন্য যেটুকু ভাষা প্রয়োজন তা হারিয়ে ফেলেছি ।
৫. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬
সীমান্ত আহমেদ বলেছেন: আমি আগের দুজনের মট সুশীল বা কুশীল কিছুই না।
শুধু এত টুকু বলি আপনার সমব্যথী............
৭. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:১৯
দ্বিতীয়নাম বলেছেন: "আমাদের ঘরে ঘরে অনেক ধরণের, অনেক গড়নের, বিভিন্ন রঙের চশমা আছে। আমরা সেগুলো সময়বিশেষে, হাওয়ার দিক আর গতি পরখ করে পাল্টাই। বেশ আরাম হয়, নিজেকে বেশ বিবেকবান আর শক্তিশালী মনে হয়। দেখবেন, বাজারে চশমার দাম এই ক'দিনেই বেড়ে গিয়েছে বেশ।" - তীরন্দাজ
০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আপনার সাথেজামাতের গোলাম আজমের অনেক মিল পাই । এত বেশি যে মাঝে মাঝে আলাদা করা যায় না একেবারেই ।

তীরন্দাজ খুব শ্রদ্ধেয় একজন ব্লগার আমার কাছে । চুরি করার যে দুর্দান্ত স্বভাব আছে , সেটি কাজে লাগিয়ে অন্য কারো ( হেড কোয়ার্টারে যোগালী তো কম নেই ) কমেন্ট চুরি করুন ।

আপনার হাতে তীরন্দাজের কমেন্ট , তীরন্দাজের জন্য অপমানজনক ।

০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: লগ আউট করার পরে এই নোংরা ইঙ্গিত করার সুযোগ নিতে চাইলেন, তাও আবার চুরি করা কমেন্টে । একটা মানুষের মৃত্যুর কথা লেখা , পোস্টের মাথায় লিখেও দিয়েছিলাম শত্রু মানলে মাইনাস দাগিয়ে চলে যান । তারপরেও এই ধরনের ন্যাক্কার জনক আচরন , যার সাথে আমি গোলাম আজমের আচরনের খুব মিল পাই ( ব্লগের ইতিহাসে বহুবার এই রুপ দেখিয়েছেন) , তারজন্য আপনাকে ব্লক করা হলো ।

৮. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৮
পি মুন্সী বলেছেন: ভাইয়া হাসতে পারছে কী না আমিও জানি না। তবে বোনটাকে একটুও বোকা মনে হচ্ছে না। পাগল বা পাগলামি তো নয়ই। বরং এই সময়ে যখন প্রায় সবাই পেটি ইন্টারেষ্ট নিয়ে পরস্পরের প্রতি মারমুখি তখন ঠান্ডা মাথায় সচেতন থেকে সবকিছু দেখার চেষ্টা করছে - বলে মনে হচ্ছে।
হুশ হারালে কি লেখা যায়, "মানবেতর জীবনযাপনকারীরা উন্মত্ত হলে ইতরের মতই আচরণ করে"।
৯. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৭
আহসান হাবিব শিমুল বলেছেন: ..............................কিছু বলার নেই..................
১০. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
কৌশিক বলেছেন: পরিপূর্ণ সুস্থ্য মনে হইলো। +
১১. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৪:১৩
কাঠুরিয়া. বলেছেন: ঘুম থেকে ওঠা, খাওয়া, কাজে যাওয়া,
ফেরা, খাওয়া, আবার ঘুমানো,
সব না বুঝে।

আনন্দ, ফুর্তি, ঘুরা ঘুরি
রাগ, ঘৃণা, মারা মারি
সবই না বুঝে।

জ্ঞান আহরন, চর্চা, দৈনন্দিন ভ্রমন
সমাপ্ত কোনো পুর্নাঙ্গ জীবন,
না বুঝেই!



(বন্ধু্বর বরুনের আইডিয়া থেকে লিখিত পরীচিন্তা)
১২. ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৪:২৫
পথিক!!!!!!! বলেছেন: আপনি কি নিজের মাদার তেরেসা ভাবতে চান........তার জন্য এগ্রিসিভনেস আগে মন থেক ঝেরে ফেলুন...
০২ রা মার্চ, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন:


নিজেই এত এগ্রেসিভলি আমারে মোলায়েম হতে বললা যে আমি বেশ দ্বন্দ্বে পড়ে গেলাম। কি জানি ভাই! তুমি কবি মানুষ , মাঝে মাঝে তোমার মন্তব্য গুলা আমার কাছে বড় বেশি বিমূর্ত হইয়া ধরা দেয়, আমি কিছুই বুঝি না ।

মাদার তেরেসারে এক সময় আমিও মানবোত্তম ভাবতাম, মিডিয়াতে যা শুনানো হয় তাই দেখেই ভাবতাম, নিজে কোন দিন ভারতে যাই নাই , নিজের চোখে তার কাজ কর্ম দেখি নাই । নিচের লিঙ্ক গুলা তোমার চক্ষু খুলতে সাহায্য করবে আশা করি ।

http://www.youtube.com/watch?v=9WQ0i3nCx60

Click This Link

Click This Link

১৩. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:২১
অচেনা সৈকত বলেছেন: ১৫০০০ বিডিআরের সবাইকে কেউই শুয়োর মনে করছে না। মনে করছে তাদের যারা এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে এবং যারা এটাকে সমর্থন করেছে, আনন্দিত হয়েছে অফিসার হত্যায়। নিরীহ জওয়ান যারা পরিস্হিতির শিকার, তাদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর যারা দোষী? তাদের শাস্তি একটাই...মৃত্যুদন্ড।
আপনার বেদনার সমব্যথি আমি, তবে শুয়োরদের ছেড়ে দেয়া যাবে না, এটাই আসল কথা।
১৪. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৫৫
অমি রহমান পিয়াল বলেছেন: পথিক এত ক্ষিপ্ত ক্যান? কয়দিন ধইরা দেখতেছি একটু পায়ে পাড়া দেয়ার টেনডেন্সি। এইখানে এগ্রেসিভনেস কোথায় দেখলেন? একজন মানুষ তার প্রিয়জনের স্মৃতি নিয়া দুই কথা লিখতে পারবে না সৎভাবে?
১৫. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৬:২৫
রাগ ইমন বলেছেন: কিছু লিখতে ভালো লাগছে না, ব্যক্তিগত কষ্ট তো নয়ই । সবাইকে ধন্যবাদ সহানুভূতির জন্য ।

এক এক করে উত্তর দেব পরে , আশা করি এই দেরীটা ক্ষমা করবেন ।

 

মোট সময় লেগেছে ১.০৩৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ