মেয়েটা কালো । বিয়ে হচ্ছে না । কালো বলে ওকে কেউ চায় না ।
ঠিক উপরের বার্তাটা লিখেছিলাম ফেস বুকে । কাউকে আক্রমণ করে নয় । বরং একটা সামাজিক , দুঃখজনক বাস্তবতাকে খুব কাছে থেকে দেখার ভারাক্রান্ত মন নিয়েই লিখেছিলাম । যথারীতি ধুন্দুমার লেগে গেলো ।
" মেয়েরাও টাকা ছাড়া বিয়ে করে না , শুধু টাকা পেলেই অসুন্দর ছেলেদের গলায় ঝুলে পড়ে" - ধরনের কিছু অদ্ভুত প্রতিক্রিয়া পাওয়া গেলো।
কিছুটা অবাক হলাম, কেন " আমাকে আক্রমন করা হয়েছে, তাই এর উচিত জবাব দিতে হবে" ধরনের যুদ্ধংদেহী মানসিকতা নিয়ে ঝাপিয়ে পড়ার দরকার হলো কারো কারো আমি বুঝলাম না । একটু উত্তর দেওয়ার ও চেষ্টা করলাম । আজকে ফেস বুক খুলে দেখি , " মেয়েরা ঐ করে , এই করে , ঐ করে না, এই করে না " থেকে এইবার " আপনারা ঐ করেন , এই করেন " নেমে এসেছে যুদ্ধ । আক্রমনে যুক্তির ব্যবহার না করে , ব্যক্তির ব্যবহার করাটা আমার কাছে চরম দুর্বলতাই লাগে । তারপরেও এড়িয়ে না গিয়ে উত্তর লেখা শুরু করেছিলাম । প্রথমে বোঝালাম , বাংলাদেশের মিশুকের সাথে আমেরিকার মার্সেডিজ বেঞ্জের তুলনা করাটা ঠিক না । বরং, মেয়ের রঙ- ছেলের রঙ, মেয়ের টাকা - ছেলের টাকা ; এই ভাবে তুলনা করলে ব্যাপারটা ন্যায্য থাকে । লিখতে লিখতে মহাভারত হওয়ার যোগাড় ।
পরে মনে হল, হায় হায়, আমি এ কি বোকামি করছি? ব্লগ ভর্তি এত ভালো ভালো ছেলে যারা অর্থলোভী রুপবতী মেয়ে আর রুপলোলুপ অর্থশালী ছেলেদের থেকে অনেক অনেক আলাদা । কেন আমি ফালতু লেকচার দিতে যাই?
আমরা যারা টাকশাল ছাড়া বিয়ে করি না , মেয়েটা সেই রকম নয়। খুবই সাদা মাটা মনের ভালো একটা মানুষ। শিক্ষিত । স্কুলে চাকুরি করে । গায়ের রঙ কালো বলে কেউ প্রেম নিবেদন করেনি নাকি নিজেই হীন্মন্যতায় ভুগতো বলে সাহস করেনি , জানি না , মেয়েটা খুব সম্ভবত প্রেমের স্বাদ কখনোই পায়নি । এইটা গুণ হিসেবে বিবেচিত হবে না দোষ জানি না। বিয়ের বয়স হওয়ার পর থেকে গায়ের কালো রঙ আর রুপ দেখে পাত্র পক্ষ বার বার ফিরিয়ে দিচ্ছে ।
তো, ভালো মানুষ কেউ আছেন নাকি ওকে বিয়ে করতে রাজি?
ডিস্ক্লেইমার ঃ মনটা খারাপ করে ফেসবুকে একেবারে নাম ধরেই জিজ্ঞেস করেছি , ওদের কেউ রাজি কিনা । কাউকে আক্রমন করার জন্য নয়, কেউ এগিয়ে এলে আমি সত্যিই বিয়ের ব্যবস্থা করবো । কথা দিলাম। এই ব্লগ অনেকের শরীরের রোগ সারাতে সাহায্য করেছে , সেই তালিকায় প্রাপ্তি, উপমা, শ্বাশত কত কত নাম । দেখিই না একবার চেষ্টা করে , এই ব্লগ আজকের সমাজের মানসিক অসুখ মুক্ত করতে সাহায্য করে কিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


