আমি ধর্ম বিশ্বাস করি না...কথাটা আসলে ভুল কওয়া হইলো। আমি ধর্ম মানি না...কারন ধর্ম বিষয়টাতে একটা সাধারন প্রবণতা আছে, তা হইলো বিশ্বাস করতে হইবো সবার আগে। বিশ্বাসটারে ধ্রূব ধইরা তারপর চিন্তার শুরু। এই পদ্ধতিটারে আমার ঠিক জীবনাচরনের অংশ বানাইবার আগ্রহ তৈরী হয় না। ধর্মে কি ভালো আছে...ধর্মে কি মন্দ আছে...ধর্ম কিরম বৈষম্য তৈরী করে কিম্বা ধর্ম কিরম সাম্যের কথা কয় এইসব বিবেচনা আমার কাছে অর্থহীন মনে হয়। ধর্ম বিষয়ে যেই কারনে জানার যেমন কোন আগ্রহ নাই...না জানার আগ্রহটাও ঠিক তেমন।
বিশ্বাসের প্রশ্ন আসলে যেইসব সমস্যার মুখামুখি হইতে হয়, সামাজিক জীবনে তারসব আমি এক্সপেরিয়েন্স করি প্রতিদিন। ঘুম থেইকা উঠার পর থেইকা ঘুমাইতে যাওনের আগে...সবসময়। নিজেরে পাল্লা-পাথরে চড়াইতে দেখি...অন্যের ওজন মাপি। ছকের খেলায় চাইরপাশের সবকিছুরে বর্ণময় গ্রাফের x আর y এক্সিসে নির্ধারিত দেখি। তারপর গড় হয়...গড় সংখ্যা হয় আমার বা অন্যদের মান।
মানাংক(?)...আসলে কইতে চাইছি মানের অংক...যা আমি ঠিক কখনোই ধইরা উঠতে পারি না, তাতেই সামাজিক জীবন চলে। যেই কারনে সব প্রশ্নের উত্তর হইতে হয় সত্যের কাছাকাছি...হেতু আর তার পরিনতিময় হইতে হয় সকল ঘটনারে। হয়তো হেতু ব্যাপারটা গুরুত্বপূর্ণই কিন্তু এই হেতু হইতে হয় এক্কেরে সুনির্দিষ্ট। মানুষের সুনিশ্চিত হওনের উন্মাদীয় বাসনা নিয়া বড় হইতে হয়, নাইলে তারা আসলে মানুষই হয় না!
নিজের এই সংশয়ী অবস্থানের লেইগা প্রতিনিয়তঃ নিজেরই প্রশ্নের সম্মুখীন হইতে হয়। মনে হয় গাইডবই যেহেতু সঠিকতায় পাঠ করি নাই অতএব নিজেরে ইনফেরিয়র ভাবি। মনে হয় কি জানি নেই চেতনায়! মতাদর্শের সঠিক জ্ঞান ঘাটতি আছে...যেহেতু মতাদর্শ বিষয়েই সংশয় তৈরী হয়। মতাদর্শ মানেও তো বিশ্বাস...নাকি!?
যদিও পূর্ব নির্ধারিত জ্ঞানের অনেক জার্গন ব্যবহার করি...যদি কেউ সেই জার্গনসমূহ পাল্টাইতে চায় আমার কোন সমস্যা হয় না। কিন্তু যোগাযোগের সমস্যা নিয়া তখন আরো ক্যাচাল লাগে...ক্যাচালই! পূর্ব নির্ধারিত জ্ঞানও কি বিশ্বাস? এই প্রশ্নও আমারে তাড়ায়...পূর্ব নির্ধারিত জ্ঞান মূলতঃ অভিজ্ঞতার খেলার মীমাংসিত বা অর্ধ-মীমাংসিত ফলাফল। কিন্তু এই খেলায় কোন একটা গুটি পাল্টাইলেই কি নতুন ফলে পৌছানো যায়?
এই প্রশ্ন আমি ২০০৭ সালে বইসা করতেছি, নিজেরে খুব জ্ঞানী বোধ হইতেছে...কিন্তু আরো প্রায় তিনশো বছর ধইরাই এইরম প্রশ্নের অবতারণা গুনীজনেরা করেন...নিজেরে তখন আর গুনীজন মনে হয় না। আমি উপরের দুইটা বাক্য লিখতে তিনবার মান নির্ধারণ করলাম! মান নির্ধারণের খেলায় আসলে মূল্যায়ন আর অবমূল্যায়নের প্রশ্ন তৈরী হয়। বিশ্বাস নিয়া যে কোন মেথড শুরু হইলেই বরং এই মান নির্ধারণ তৈরী হয়। আর মান নির্ধারনের চিপায় আমরা সামাজিক থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



