একেলা পথ
সেই তুমি একেলা পথ, কতোদিন কতোবার
আর কতো দীর্ঘসময়
তোমার সাথে বাইসাইকেল রেস করেছি!
তুমি প্রত্যেকবার বারবারই জিতে গিয়েছো,
তুমি বারবারই সব্বাইকে ছাড়িয়ে
এগিয়ে থেকেছো বহুদূর।
তুমি সেই একেলা পথ,
দূরপাল্লার গাড়ি থেকে নেমে
খালি পায়ে হাঁটতে শুরু করেছো উত্তর দিকে।
বনের পথ মাঠের পথ দিয়ে চলেছো তুমি,
কোথাও একটু দূরে দূরে একেকটি বুনো ঝোপ
তাকিয়ে আছে পরষ্পরের দিকে।
বেশ দূরত্ব পার হয়ে যাচ্ছো তুমি একেলা পথ।
বনের পথ হারিয়ে মাঠ পেরিয়ে
তাহাদের বসতবাড়ি,
হঠাৎ বাউল ভিষণ একা,
একা তাহার সমান বয়েসী একতারাটি,
তাহার তরে গান ঝুরে যায় পাগলা হাওয়ায,
তুমিও তবে গান ঝুরে যাও একলা হাওয়ায়।
মাছেরা ক্ষেতের ভেতর ফড়িঙ আর
ঝিঁঝিদের ধরতে আসে,
যখন খাল বিল নদীর জল একাকার,
গভির শীতল জলে গানের জলসা উহাদের।
যখন খাল বিল নদীর জল একাকার,
তুমিও জানো সেই জলে ভাসতে সেই জলে ডুবতে।
তুমিও তো সেই একেলা পথ,
আর পাখিদের মেলা আকাশে ওড়াও,
তারপর কোন এক অরণ্যের ভেতর
পাহাড়ের ঝোপে সাপেদের কোটরে ঘুমাতে যাও।
১৯.১২.২০০৯. ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



