কী আশ্চর্য! জানেন, দুজনের একই নাম- আকলিমা আক্তার আখিঁ। দুই আখিঁর খবর একই দিন, একই পত্রিকার একই কলামে উপরে আর নিচে। প্রথমটির ট্যাগ 'আসুন ওদের পাশে দাঁড়াই' শিরোনাম 'ফুটফুটে শিশু আখিঁ ব্লাড ক্যান্সারে আক্রান্ত'। দ্বিতীয়টির ট্যাগ 'মেধাবী মুখ'- শিরোনাম 'গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে আখিঁ'! বিমূঢ় হয়ে থাকলাম কয়েকটি মুহুর্ত। কী নির্মম পরিহাস!
অসুখী আখিঁর বা-মা যখন সুখী আখিঁর খবরটি দেখবে তখন তাদের কি অনুভূতি হবে? হায় আমাদের মেয়েটিও একদিন জিপিএ-৫ পেতে পারতো! অন্যদিকে সুখী আখিঁর খুশীতে হয়তো বেদনার ছাপ পড়বে- তার মিতা পুচ্চি আখিঁর জন্য। অবশ্যই সুখী আখিঁ ভীষণ দুঃখিত হবে, কারণ তার ভবিষ্যত ইচ্ছে চিকিৎসা বিজ্ঞানী হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিবেদিত করা। আর দেখুন না অন্য আখিঁটি সেই চিকিৎসার অভাবেই মারা (খুব বাজে শব্দ!) পড়ছে! খুব অসহায় লাগে যখন হাজারো শ্বাশত, জারিফ, আখিঁর নাম ঘুরে ফিরে আসে। কি করবো? কি করতে পারি আমি? আমার তো একটুকুও সামর্থ নেই! শুধু পারি অন্যদের দ্বারস্থ হতে। মনে পড়ে বুয়েটের হৃদয়ের জন্য চট্টগ্রাম কলেজে অথ সংগ্রহে নেমেছিলাম একদিন। শিবিরের বাধার মুখে কার্যক্রম মাঝ পথে থেমে গেলেও স্রষ্টার অসীম কৃপায় সফলও হয়েছিলাম সবাই মিলে। (সে অন্য গল্প।) কিন্তু হৃদয় আমার কে হয়? আখিঁ আমার কে? চিনি না তো তাদের। পরিচয় তো নেই। কেন তারপরও ওদের জন্য হৃদয় কাঁপে, আখিঁ জল ঝরে? জানি না, দরকার নেই জানার। ওরা মানুষ, ওরা আমার ভাই, ওরা আমার বোন। ব্যস এইটুকুই যথেষ্ট। কিন্তু আমি নিজে কি করতে পারি? শুধু আমার প্রার্থনাটকু সামর্থবানদের কানে তুলতে পারি। আমার হাত দুটো আপনাদের দিকে বাড়িয়ে দিতে পারি। কারণ এতোটাই তুচ্ছ আমি।
ব্লাড ক্যান্সারের শিকার আকলিমা আক্তার আখিঁর বয়স মাত্র ১০ বছর। ঢাকা শিশু শিক্ষা কেন্দ্রে ক্লাস ফাইভে পড়ে সে। ভালো ছাত্রী। ওর বাবা মোঃ আইয়ুব আলী শ্যামলীর একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের গাড়ী চালক। আখিঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য ৪-৫ লাখ টাকা প্রয়োজন। ওর পরিবারের পক্ষে এই অর্থ যোগাড় অসম্ভব। যৎ সামান্য জমানো টাকা, সম্পদ বিক্রি আর এলাকাবাসীর সহায়তায় আখিঁর চিকিৎসা চলছিল। ঢাকা শিশু হাসপাতালের ৪ নাম্বার ওয়াডের ৪০ নাম্বার বেডে আখিঁ এখন শুয়ে আছে। কিসের প্রতিক্ষায়- কে জানে?
আপনি কি পারবেন কিংবা আপনার কোন পরিচিত জন কি পারবে আখিঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে? ওর পাশে দাঁড়াতে? ওর জন্য সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়- সঞ্চয়ী হিসাব নং ৪০৫৫, সোনলী ব্যাংক, আগারাগাঁও শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৭১২১৪৪৯৬৮।
আচ্ছা, আপনারা কেউ কি পুচ্চিটাকে একটু দেখে আসতে পারবেন? (ওর একটা ছবিও দরকার, পত্রিকায় দেখেছি পুচ্চিটা আবার চশমাও পড়ে।) ওকে বলতে পারবেন- তুমি কোন চিন্তা করবা না- আমরা আছি!
থাকবেন? প্লিজ, আপনারা কিছু করুন। আমি একা কিন্তু খুব অসহায়!
চট্টগ্রাম থেকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

