এই লেখাটি তার জন্য
বৃষ্টি ধোয়া এক বিকেলে
খোলা জানালার শিক গলে
অদেখা আলোয় প্রথম যাকে দেখেছিলাম।
দুহাত ভরা চুড়ির আড়ালে
লুকিয়ে থাকা যার মেহেদী রঙ
চোখ বুজেও আমি স্পর্শ করতাম।
এই লেখাটি তার জন্য
চোখের আড়ালে থেকেও
যে মানুষটি সর্বক্ষণ
মনের ভেতর চুপটি করে বসে থাকে।
যার জন্য অপেক্ষায় থেকে
একের পর এক নিঃসংগ রাত
আমার সাথে বসে থাকতো নির্ঘুম।
এই লেখাটি তার জন্য
ঘড়ির কাটার সাথে পা মিলিয়ে
গোধূলীর রঙ হয়ে যে মিশে যাচ্ছে
আমার ভাষাশূন্য দুই চোখের তারায়।
যার ভালোবাসা বুকে জমিয়ে
অমাবস্যার নির্জনতায়
যত্ন করে পূর্নিমার টিপ এঁকে যাই।
এই লেখাটি শুধু তারই জন্য
কষ্টের ফ্রেমে বাঁধানো যার ছবি
প্রতিদিন আমি নিয়ম করে
ভালোবাসার টুকরো কাপড়ে মুছে দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



