আমার প্রিয় পোস্ট

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন

০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫১

শেয়ারঃ
0 12 0

প্রিয় রুদ্র,
প্রযত্নে, আকাশ

তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।

আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি।

আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?

শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।

আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোত্স্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।

ইতি,
সকাল

পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?


* তসলিমা নাসরিনের এই অসাধারণ চিঠিটি আবৃত্তিতে আরো অসাধারণ লেগেছে বইপাগলের কাছে। যারা বইপাগলের প্রলাপকে গুরুত্ব দেন তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে শুনতে পারেনঃ
প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় রুদ্র - তসলিমা নাসরিনপ্রিয় রুদ্র - তসলিমা নাসরিনপ্রিয় রুদ্র - তসলিমা নাসরিন প্রিয় রুদ্র - তসলিমা নাসরিনপ্রিয় রুদ্র - তসলিমা নাসরিন প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন প্রিয় রুদ্র - ত ;
প্রকাশ করা হয়েছে: চিঠি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
সুমি বলেছেন: ভাই দুটো চিঠিই আমি পড়েছি----
আবৃত্তি শুনি নাই আগে----
৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
রাশেদ বলেছেন: ঘটনা কি বইপাগল ভাই!
৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
সারওয়ারচৌধুরী বলেছেন: ভালোবাসার উপর আমার নতুন পোস্ট দেখেছেন?
৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
শেখ জলিল বলেছেন: আগেও পড়েছিলাম। দারুণ সংগ্রহ।
তসলিমা নাসরিনের একটি কবিতা পরিষদ ছিলো ময়মনসিংহে-'সকাল কবিতা পরিষদ'।
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৯
েবহাগ বলেছেন: তাসলিমা'র হিপোক্র্যাসী। আপনাকে ৫
৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:০০
বিহংগ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
আর বুঝা গেলো ,আপনি একেবারে কাটখোট্টা মানুষ ও না। কিছু জৈবিক রস ও আছে।
৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:০০
মুকুল বলেছেন: ধন্যবাদ বইপাগল ভাই।
*****
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:০২
বিহংগ বলেছেন: আপনি আমার নতুন কবিতা পড়ে দেখবেন।
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:১০
আদিপ্ত বলেছেন: জি কবিতাটি খুব সুন্দর আমি শুনেছি এবং পড়েছি। ধন্যবাদ বই পাগল।৫
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:১৪
মিরাজ বলেছেন: কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করে তসলিমার এই লেখাটার মধ্যে কোন কৃত্রিমতা নেই। এক সত্যিকারের প্রেমিকা স্ত্রীর স্মৃতি রোমন্থন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
কালপুরুষ বলেছেন: আমার অনিন্দিতা'র চিঠিগুলো আবৃত্তি করলে মন্দ হবে না। কেউ আবৃত্তি করতে চাইলে আমি কপি স্বত্ত্ব দিতে পারি।
১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: তোমাকে ছেড়ে চলে গেছি কিন্তু কাউকে ভালবাসতে পারিনি।

-এটা সম্পূর্ন সত্যি। মানুষের জীবনে ভালবাসা একবারই হয়। প্রয়োজনে অন্য কেউ আসতে পারে তবে তাকে ভালবাসা বলা যায় না।

বইপাগল, আপনাকে ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য।
১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: দ্বিখন্ডিত পড়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম চিঠিটা পড়ে । ধন্যবাদ ।
আরেকটা কথা, আপনি তো এ ধরনের পোস্ট করেন না, পাস-হ্যাক হলো নাতো? নাহয়ে থাকলে খুশি হব । ভাল থাকবেন ।
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
হমপগ্র বলেছেন: "শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো?"
-হায়রে পৃথিবী! ৫!
১৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৫
শাইরি বলেছেন: অসংখ ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
১৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২১
নরাধম বলেছেন: প্প্ম্র....................প্প্বৃপ্প্বগুপ্প্বজ্জপ্প্ব্মপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ব্ভ্রপ্প্মম
২০. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৯
সিঁদুরে মেঘ বলেছেন: ভাবছি তাকে মনে করাব আবার.........শিগগিরি.......................................................................................
সিঁদূরে মেঘ মানে "পারিবারিক অশান্তি নয়"।
তবে অশনি সংকেত ছেড়ে দিয়ে তার সুন্দর রং নিয়েই ভাবি আমি।এটা আমার অনুভুতি।
আপনার এই লেখাটাও আমার প্রিয় পোস্ট হলো।
ধন্যবাদ আপ নাকে।
২১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৯
শাইরি বলেছেন: @বইপাগল
ঐ লিংক থেকে কি কবিতাটা ডাউনলোড করা যাবে? যদি যায়, কিভাবে, বলবেন প্লিজ।
২২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৭
দিগন্ত বলেছেন: আমার আবৃত্তিটাই খুব ভাল লাগল। এটা কি তসলিমার গলায়?
২৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
বইপাগল বলেছেন: @সারওয়ারচৌধুরী - ধন্যবাদ ভাই, হ্যাঁ, আপনার নতুন পোস্টটা দেখেছি। ভালো লেগেছে খুব। দারুন।

ধন্যবাদ @সুমি, @শেখ জলিল, @েবহাগ, @মুকুল, @অলৌকিক হাসান, @আদিপ্ত, @মিরাজ, @সোনার বাংলা, @হমপগ্র, @সিঁদুরে মেঘ এবং @নীল জোছোনা

@রাশেদ - কিছু না ভাই ... আকাশের ঠিকানাটায় যেতে মন চাইছে, যেন এরকম চিঠি আমিও পাই ...

@বিহংগ - ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার কবিতা অবশ্যই পড়বো।

@কালপুরুষ - তাহলে বেশ হবে ! এটা করার জন্য কাউকে উদ্যোগ নেয়া উচিত অবশ্যই।

@উম্মু আবদুল্লাহ - আসলেই ভালোবাসা তো যাকে তাকে বিলোবার জিনিস নয়। আপনার সাথে সম্পূর্ণ একমত আমিও। ধন্যবাদ।

@সন্ধ্যাপ্রদীপ - নারে ভাই, পাস-হ্যাক হয়নি। আমি এ ধরনের পোস্ট করি না, এটা বোধ হয় ঠিক না, আমার আর্কাইভ ঘাটলে এরকম অনেক পোস্ট পাবেন যেমন, রবীন্দ্রনাথ ঠাকুর (ভুমিকা), আনুষ্ঠানিকতা ছাড়া 'তসলিমা নাসরিন'কে বিয়ে করে এনে বাবার কাছে লেখা 'রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ'র একটি চিঠি,
আবুল হাসান - বৃষ্টি চিহ্নিত ভালবাসা, নির্মলেন্দু গুণ- মানুষ ইত্যাদি

@শাইরি - ধন্যবাদ। ওটা ডাউনলোড করতে হলে ইস্নিপস-এ আপনাকে সাইন-আপ করতে হবে।

@নরাধম - বুঝি নাই ভাই, তবে ধন্যবাদ

@দিগন্ত - আমারও আবৃত্তিটাই ভালো লাগে। এটা আবৃত্তি করেছেন 'শারমিন মুস্তাফা', ধন্যবাদ।
২৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪২
অজানা অচেনা বলেছেন: তসলিমা এই সুন্দর কবিতা লিখল?! ৫!
২৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
"কুদরত আলী" বলেছেন: কন কী?
তসলিমা, রুদ্র হ্যারা তো নাস্তিক ।
নাউজুবিল্লা!
২৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২১
প্রশ্নোত্তর বলেছেন: নাস্তিকের কোবতেও 'গান্ধা' চিঠিও 'গান্ধা'...
তয় বয়স যহন কম আছিলো এই আব্রেত্তি বালা লাগতো...আস্তে আস্তে বুজচি, তস্লিমা কি জিনিস, হারা চিডিতে চালাকী করচে, গুরাইয়া প্যাচাইয়া নিজেরে সাধু বানাইচে!!!
২৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২২
প্রশ্নোত্তর বলেছেন: কালপুরুষ বলেছেন :
২০০৭-১১-০৪ ২৩:৩৪:২৪
আমার অনিন্দিতা'র চিঠিগুলো আবৃত্তি করলে মন্দ হবে না। কেউ আবৃত্তি করতে চাইলে আমি কপি স্বত্ত্ব দিতে পারি।

***

কারো কোন আপত্তি আচে?
২৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২২
বইপাগল বলেছেন: আমার খুব খুব প্রিয় এই চিঠি, বুঝি না, এতো সুন্দর করে মানুষ কি করে লিখতে পারে ! @অজানা অচেনা

@"কুদরত আলী" - তসলিমা রুদ্র নাস্তিক বলেই কি আপনার মাথায় হাত? কিন্তু আমি তো আস্তিকের পোস্টেও আপনার মাথায় হাত দেখি, হাত বিষয়ক গপ্‌টা একদিন ব্লগাইবার আবেদন রইলো।
৩১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ২:১৫
বইপাগল বলেছেন: আমার আপত্তি নাই @প্রশ্নোত্তর

উপরেই আছে, পোস্টের একেবারে নিচের লাইনে @সর্বদাবেলায়েত
৩২. ০৯ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৫
মাহমুদ রহমান বলেছেন: বেশ... ভাল লাগল।

কিছু কিছু ভালবাসা তাহলে শেয়ার করার জিনিস নয়, নইলে তসলিমা নাসরিনের মত মেয়ে কষ্ট পাবে কেন?
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
চতুরভূজ বলেছেন: ৫
ধন্যবাদ বইপাগল ভাই।
ডাউনলোড করলাম।
৩৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
চতুরভূজ বলেছেন: ছবিটাও ভিষন রকম সুন্দর!!
৩৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২০
বইপাগল বলেছেন: সেটাই আশ্চর্য্যের বিষয় ! @মাহমুদ রহমান

ধন্যবাদ @চতুরভূজ এবং @রিজভী
৩৮. ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১০
প্রেমের কাঙ্গাল বলেছেন: আহ, কবিতা টা এত ভালো লেগেছে যে
ধন্যবাদ না জানিয়ে পারলাম না।
এই ধন্যবাদ টা আপনার পাওনা,
নিতে সংকোচ বোধ করবেন না যেন।

আমি নেট থেকে নামিয়েছি আমার কম্পিউটারে।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ।

৪০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩
ভাঙা চাঁদ বলেছেন: লিংক টা ত পেলাম না?
৪১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০২
পরাগ জাফর বলেছেন: ভাই লিংকটা দেন।
৪২. ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৬
নিলা বলেছেন: চিঠিটা এতততততততত ভালো লাগে আমার! কষ্ট ভেজা চিঠি।

আবৃত্তিটা অনেক আগে একবার শুনেছিলাম। চমৎকার। আপনার লিংকা এখানে নেইতো। দিলে আরেকবার শুনতে পারতাম
৪৩. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
মেঘ বলেছেন: তসলিমা, আমার তসলিমা নাসরিন। নির্মলেন্দুর 'তনা'। ভালোবেসেছিলো শুধু রুদ্রকেই। কুয়াশার সকাল যেমন ভালোবাসে রোদকেই তেমনভাবে। রুদ্র ও বেসেছিলো সকালকেই। যে যাই বলুক, ঐ ভালোবাসা সত্যি ছিল বুঝা যায় আজও।
৪৪. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০
ইউসুফ আলমগীর বলেছেন: চিঠিটি আমার অনেকবার পড়া। সেই সাথে আবৃত্তিও। শেষের আমি কেমন করি পত্র লিখি রে বন্ধু... সুরটিও। ধন্যবাদ।
৪৭. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
ঘুমরাজ বলেছেন: অসাধারন।লিংক কই? +++
৪৮. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৭
আরিফআফতাব বলেছেন: ও মা আমারে মারে...........।
৪৯. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০২
পোয়েট ট্রি বলেছেন: তসলিমার এই চিঠিটা আসলেই কাব্যিক এবং সুন্দর এক গদ্য রচনা। আবৃত্ত হওয়াতেই কেউ কেউ এটাকে কবিতা ভেবেছেন, কবিতা বলে উল্লেকও করেছেন ; ক্ষতি নেই, কবিতা বলা যেতেই পারে। এটা প্রায় কবিতাই।
ধন্যবাদ এই পোস্ট দেবার জন্য।
তসলিমার অসাধারণ একটা গদ্য আছে : 'রুদ্র ফিরে আসুক' শিরোনামে...
সেটা যদি পোস্ট দিতে পারেন, খুবই কৃতজ্ঞ থাকবো।

ও রকম গদ্য খুব কম হয়।
৫০. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮
অরণ্য আশরাফ বলেছেন:
অনেক দেরিতে হলেও। শেষ পর্যন্ত পেলাম।
অনেক অনেক ধন্যবাদ।
৫২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪২
মেঘ দূত বলেছেন: অসংখ ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
৫৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২
সৈয়দ নূর কামাল বলেছেন: তসলিমার চিঠিটা চমৎকার লাগলো।

তবে, তসলিমাকে কোনদিন ভালো লাগেনি। সে হয়তো তার ভালোবাসাটা সবাইকে বিলায়নি কিন্তু দেহ টাকে বিলিয়েছে যত্রত্ত্র, পান দোকানির পানের মতো।
৫৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
সাইফ হাসনাত বলেছেন: লিংকটা ঠিক করে দিন না, প্লিজ...
৫৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২১
sraboni বলেছেন: অনেক দিন পর আবার এই চিঠিটা পড়লাম। তবে প্রথমত আমি আবৃত্তি শুনেছিলাম। খুব ভাল লাগল আবারও পড়ে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
@ কালপুরুষ- আমার ইচ্ছে আছে আবৃত্তি করার। 8-|

 

মোট সময় লেগেছে ১.০২১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪)
/////////
"তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ