লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
কী করে মিথ্যে বলতে হয়
লিখেছেন আজহার ফরহাদ, ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
নিজের গতিবিধির ওপর স্বচ্ছন্দ নজর এড়িয়ে যেতে না পারলেও
মনখারাপের দিনগুলোকে ভুলে যেতে হলো
চৌবাচ্চার পানি, ব্যাঙের ছা আর তেলাপিয়া মাছের সখ্যের দিন
চাচি আম্মার স্কুলে যাবার হুড়ো
সিড়িঘরের ওপর কবুতরের একটা কলোনী, মাচান ভরা শিম
হলুদ ও গোলাপি ফুল বাহার জমিয়ে দিতো গ্রীষ্মে
শিম আলু টমেটো আর শিং মাছের ঝোল- চোখ বন্ধ করে খেয়েছিলাম।
এমনও দিন আষাঢ়ের মেঘ গর্জন, আর
পাড়ে লাফিয়ে ওঠা কৈ মাছ ধরেছিলাম আম্মার সঙ্গে
একটা সাপ বসে বসে দেখছিল এসব
আব্বা সেদিন রাত করে খালি হাতে বাড়ি ফিরে
পাতে পেয়ে কৈ মাছ হেসে উঠেছিলেন।
তখন কী বাঁশঝাড়ে শব্দ করে ডেকেছিল প্যাঁচা!
তার নিচ দিয়ে রোজ রাতে হেঁটে যেতো মাছখেকো ভোঁদড়
একদিন দেখেছিলাম- দেখে হাসি পেয়েছিলো।
সেই ভোঁদড়ের গলায় ঘন্টা বাজিয়ে নাচ দেখাতে এসেছিল যে মানুষটা
সে অনেক গল্প বলতো- তার কাছেই শিখেছিলাম কী করে সুন্দর করে
মিথ্যে কথা বলতে হয়।
এই যেমন আমি এতক্ষণ আপনাদের যা বললাম
কেমন অদ্ভুত সত্যের মত- নিষ্পাপ ও সরল স্মৃতিবচন- সেরকম।

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ১৬বার পঠিত
আপনি এই পোস্টটি কোন মন্তব্য করতে পারবেন না
















