লেখকের অন্যান্য পোস্ট
বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা জেলা ও থানা প্রশাসনে পাঠালে মানুষ কম প্রতারিত হবে
লিখেছেন নোয়াখালী ওয়েব, ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৮
বিদেশে যেতে আগ্রহীদের দালাল সম্পর্কে সচেতন করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ ফর্মুলায় গ্রামের শ্রমজীবী মানুষজন আগে থেকেই সচেতন হতে পারবেন। জানতে পারবেন বৈধ ট্রাভেল এজেন্সির নাম।
আমরা প্রায়শই দেখি, গ্রামের অশিক্ষিত মানুষ তাদের জমি-বসতভিটা-সহায়সম্পদ বিক্রি করে বিদেশে যাওয়ার জন্য দালালদের মাধ্যমে ট্রাভেল এজেন্সির কাছে টাকা জমা দেন। টাকা জমা দেয়ার পর শুরু হয় বিদেশে যেতে আগ্রহীদের কষ্ট। অনেকে বছরের পর বছর ঘুরেও কোন দেশে যেতে পারেন না। ফলে স্বপ্নভঙ্গ হয় অনেক মানুষের। আশাহত হয়ে অনেকে আত্দহত্যাসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে যান। এর ফলে বিভিন্ন জায়গায় অশান্তি দেখা দেয়। অনেক সময় খুনাখুনির ঘটনাও ঘটে। আমরা এও জানি যে, বেশির ভাগ দালালই গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় করে। পাসপোর্ট আটকে রেখে দিনের পর দিন ঘোরায় বিদেশ গমনেচ্ছুদের। দালালরা বেশিরভাগ ক্ষেত্রে টাকা নিয়ে ট্রাভেল এজেন্সিতে জমা দেয় না। ঢাকায় আরাম-আয়েশের সঙ্গে বসবাস করে দেদারসে টাকা খরচ করে। অনেকে ওই টাকা অন্য কাজে ব্যবহার করে। কেউবা জমি কেনে, কেউবা ওই টাকা নিয়ে আত্দগোপনে চলে যায়। তখন দেখা দেয় মূল সমস্যা। বিদেশে যাওয়ার জন্য দালালদের কাছে টাকা জমা দেয়া সাধারণ মানুষ এক সময় খুঁজতে খুঁজতে ট্রাভেল এজেন্সিতে চলে আসেন। ট্রাভেল এজেন্সিতে আসার পরই তাদের মোহ কেটে যায়। জানতে পারেন মূল ঘটনা। তবে তখন সাধারণ মানুষদের আর কিছুই করার থাকে না।
পরিস্থিতি মোকাবেলায় আদম ব্যাপারী বা দালাল ঠেকাতে যে নতুন ফর্মুলা এঁটেছে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) তা প্রশংসার্হ। আগামী মাসের প্রথম সপ্তাহে এর প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। জানা গেছে, সরকারের তালিকাভুক্ত ট্রাভেল এজেসির তালিকা বই আকারে তৈরি করা হচ্ছে। এখন তালিকার বানান যাচাইয়ের কাজ করা হচ্ছে। শিগগিরই রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা ছাপানোর কাজ শুরু হবে। এরপর ওই তালিকা ৬৪ জেলার ডিসি ও এসপি'র কাছে পাঠানো হবে। এর পাশাপাশি ওই তালিকা উপজেলা নির্বাহী অফিসারদের কাছেও পাঠানো হবে। বায়রা এ তালিকা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের করণীয় সম্পর্কে একটি দিকনির্দেশনা দিয়ে অনুরোধ জানাবে।
গ্রামের মানুষ যাতে বৈধ রিক্রুটিং এজেন্সি সম্পর্কে আগেভাগেই জানতে পারে এজন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এর ফলে দালালদের উৎপাত কিছুটা হলেও কমবে এবং জনগণ অনেকখানি উপকৃত হবে। তবে এই বিষয়ে সরকারের উচিত ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে।

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ১৪৮বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না


















