রাধিকা নগরীর দিকে হেঁটে যাচ্ছি
হেঁটে হেঁটে আর কতদূর যাওয়া যায়?
তারপরও আমরা হাঁটি
আম্মা বলতেন
গাছজন্মের আগ থেকেই এই হাঁটা শুরু হয়েছিল। আর
মানুষজন্মের মুর্হূতে ষোড়শী যুবতির ওড়নার মতো
পৃথিবী ঝুলে পড়লে,
হাঁটার গতি বেড়ে যায়।
সেই থেকে অদ্যাবধি হাঁটছি।
আমাদের চারপাশে কসাইখানা
এখান থেকে প্রতিনিয়ত অ্যাম্বুল্যান্সগুলো
বেদনার গান ধরে ছুটে যাচ্ছে
রাধিকা নগরীর দিকে।
রাধিকা?
তুমি কী এমন মুর্হূতেই
ঘরে ডেকে এনেছিলে পরপুরুষকে? কিংবা
কার গোপন চুম্বনে গর্ভবতী হয়ে
নিজেকে ডুবিয়ে দিলে কালীদহ সায়রের জলে!
লাল পিঁপড়ে
০১
লাল পিঁপড়ের কামড়ের মতো জ্বলে উঠে চোখ
দু’হাতে পিঁপড়েগুলো ঘষে দিলে
মৃত মানুষের গন্ধ ছড়ায় চারপাশে
বলো এভাবে আর কত পিঁপড়ে মারবো?
ওরাতো আমারই রক্তের ধারা বয়ে নিয়ে চলেছে।
০২
রাজপথে একটা সবুজ ঘাসফড়িং মারা গেল
পিঁপড়েগুলো খবর পেতেই
জ্যামে আটকে পড়া গাড়ির সারি হয়ে
লাশের জানাযার জন্য মাঠে দাঁড়িয়ে গেল।
আশ্চর্য গতরাতে স্বপ্নেও পিঁপড়ের দলবল দেখে
রাস্তার পাশে ভয়ে ভয়ে পা দুটো স্থির কাঁপুনিতে
আটকে রেখেছিলাম।
এখন আমার পায়ে শুধু লাল পিঁপড়ের কামড়!
পবিত্রতা
গাঢ় অন্ধকার সঙ্গমের মতোই পবিত্র
এসো সঙ্গম করি
এসো পবিত্র হই
এসো আগুন গিলে পুরোনো বটগাছ হই
যদিও পাতালে নেমে এসেছে ফেরাউনের ছায়া
তারপরও বলি
ঘাস ও গোবরই হচ্ছে
সময়ের নায়কদের খাবার
এসো সঙ্গম করি
এসো পবিত্র হই
এসো ঘাস ও গোবর খাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

