হঠাৎ করেই কোত্থেকে পাগলা একটা ঝড় এল,
উথাল পাথাল
দমকা ভীষণ বাতাস
উড়তে উড়তে এসে উড়িয়ে নিয়ে গেল।
উড়িয়ে নিয়ে গেল
আমার জানালার পর্দা,
বিছানার চাদর,
বারান্দার কাপড়,
উড়িয়ে নিল আমার ভেজা চুল-
টবের ফুল,
কানের দুল,
তুচ্ছ কত ভুল!
বইয়ের খোলা পাতার শব্দরা সব
ঘূর্ণি হয়ে উড়াল দিল,
জানলা গলে আকাশ বেয়ে
পাগল হয়ে হারিয়ে গেল।
সাগর পাড়ে বসে থাকা
ছবির মেয়েটার ডানা গজাল,
মুচকি হেসে চোখ নাচিয়ে
মায়ার বাঁধন ছিঁড়ে উড়াল দিল।
ক্যালেন্ডারের পাতাগুলো
বোকার মত
এদিক ওদিক ডানা ঝাপটে,
একই হুকে ঝুলে রইল।
অস্থির সব গানের সুর
এঁকে বেঁকে পথ হারিয়ে
রাত্রি কাল শূণ্যে কেবল
ভেসে রইল।
ভীষণরকম উতাল হওয়া বাতাসটা
কোত্থেকে হঠাৎ করেই হাজির হল
উড়তে উড়তে এসে উড়িয়ে নিয়ে গেল
উড়িয়ে নিয়ে গেল-
আমার যত মন ভাল,
আর মন খারাপ,
আর পাগলামি সব আবোল তাবোল!!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



