রাত্রি দ্বিপ্রহর হতে পাহারায় রেখেছি শুকতারাটাকে
দুষ্ট মেঘের প্রলোভনে যেন না যায় হারিয়ে,
যেন ছায়ারং মেঘ গ্রাস না করে তার উজ্জ্বলতাটাকে
আজ কিছুক্ষণের জন্য আমি তাকে বন্দী করবো করপুটে...
এই দিনটিকে জানাতে স্বাগতম,
প্রকৃতি শেষ করে তার সকল আয়োজন,
অপেক্ষারত , কখন আসবে সেই সন্ধিক্ষণ...
আমি তখন চেয়ে নিলেম এ সব কিছুর নিয়ন্ত্রণ।
মুক্তি দিলেম তাকে , চির পরিচিত অসীম শূণ্যতাকে নয় ,
স্পর্শ করল তোমার দুষ্টনিবিড় মুদিত দু'নয়ন...
অরুণিমায় পূর্ণ হল ধরা , এল সে প্রার্থিতক্ষণ।
শিয়রে মুক্তি প্রতিক্ষীত বিহঙ্গের কূজন,
বাতায়ন সার্সিতে রচিত কুহেলিকার আর্শীবচন,
মায়ার তাঁতের বুনন,
অতল অনুভবের নকশায় তৈরী বসন,
পূর্ণ হল , পেয়ে তব স্পর্শণ।
আজ এ বিশ্বালয়ে তুমিই কাঙ্খিতজন।
কেবলমাত্র তোমার জন্যই...
মেঘকন্যার অভিমানরাশি ঝরছে না হয়ে বৃষ্টিধারা,
স্বীয় কক্ষপথ বদলে , অপ্রত্যাশিত কক্ষপথে চলছে ধ্রুবতারা,
হেমন্তের আগমনেও , শষ্যনদীতে বইছে না স্বর্ণালীধারা,
ক্যানভাসে অযাচিত রঙের আধিপত্য মেনে নিয়েছে রংতুলি , হয়ে দিশেহারা,
লক্ষ্যহীন ভাসছে তরণী , কারন সেও আজ পথহারা,
তোমারই অপেক্ষায়...
ভূলোকের দেবশিশু , নিয়ে সঞ্চয়িত শুভকামনা,
উদ্দেশ্যহীন দৃষ্টি নিয়ে পথিক , গন্তব্য অজানা।
অপেক্ষায়...
এ হিয়া , পেতে মঙ্গলবারতা,
এবং হারিয়ে যাওয়া শুভ্রতা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


