জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সিনিয়র স্পেশাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’কে দেওয়া সাক্ষাত্কারে হুমায়ূন আহমেদ বলেন, ‘দুটি জিনিস খুবই অপছন্দ করতাম। উপদেশ শোনা ও উপদেশ দেওয়া। কিন্তু শেষ বয়সে এসে উপদেশ দেওয়ার চক্করে পড়ে গেছি।’ তিনি বলেন, এটা তাঁর কাছে খুব অপ্রত্যাশিত ছিল।
হুমায়ূন আহমেদ আরও বলেন, ‘সরকারও জানে এই নিয়োগ সম্মান দেওয়া ছাড়া আর কিছু নয়। অসুস্থ অবস্থায় বিশাল দায়িত্ব পালন করতে পারব মনে করার কোনো কারণ নেই। তবে সব সময় সব দেশে বিশেষ করে আমাদের দেশে সম্মান জানানোর ব্যাপারে এক ধরনের কৃপণতা দেখা যায়। কিন্তু সরকার যে এই কৃপণতা দেখায়নি, তাতে আমি যথেষ্ট অবাক ও খুশি হয়েছি।’
হুমায়ূন আহমেদ কোলন ক্যানসারে আক্রান্ত। তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁকে এ পর্যন্ত সাতটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


