আমার স্মৃতিশক্তি সাধারণ মানের। কিন্তু আড়াই বছরের একটা স্মৃতি আবছা মনে পড়ে। অবাক হয়ে যাই , এত আগের স্মৃতি মনে পড়ে কেমন করে ? স্মৃতিটা এ রকম , জিপে চড়ে মহাস্থানগড়ে গিয়েছি।
তিন কি সাড়ে তিন বছরেরও একটা স্মৃতি মনে পড়ে। অথবা বলা যেতে পারে , মনেই রেখেছি স্মৃতিটা । একটু অন্যরকম , আনন্দের........ হারানোর ... কেমন যেন ..... হুমমম , মনে পড়েছে ।
হ্যাঁ , কোন এক সন্ধ্যায় আম্মু , আব্বু , আপুকে সাথে নিয়ে বেড়াতে গিয়েছিলাম কারো বাসাতে । কার বাসা সেটা মনে নেই । তবে যাঁর বাসা ছিল , তিনি ছিলেন সদাহাস্যময়ী একজন এবং তাঁর ছিল একটা ভীষণ ফুটফুটে মেয়ে ।
আর আমার কথাটাও বলে নিই । আমি ছিলাম নিতান্ত গোবেচারা টাইপ । কিছু ভাল লাগলেও চাইতে জানতাম না। অবশ্য এর মানে এ নয় যে , আমি কথাই শিখি নি তখন। আমি কথা বলা শিখেছিলাম একটু আগে আগেই। ছড়াও জানতাম বেশ ভাল রকম।
সেখানকার শোকেসটা যার-পর-নাই আমার দৃষ্টি আকর্ষণ করল । খেলনাগুলো দেখতে লাগলাম তৃষিত কিন্তু শান্ত নয়নে। চোখ পড়ল একটা লাল ময়ূরের দিকে । চুমকিবসানো ময়ূর। আমার ছোট্ট হৃদয়টা দখল করল অন্যগুলোর চেয়ে একটু বেশি পরিমাণেই। চুপচাপ দেখতে লাগলাম । একবারও বলি নি, 'ওটা আমায় দাও না।'
খানিকক্ষণ পর , কি মনে করে সেই সদাহাস্যময়ী আমার হাতে ওটাই পেড়ে দিলেন। কৃতজ্ঞতায় তাঁকে দেবী মনে হয়েছিল কি না মনে নেই। কী এক অনুভূতি .... সুখানুভূতি।
যতক্ষণ ছিলাম সেখানে ময়ূরটা আমার হাতেই ছিল। সদাহাস্যময়ী স্নেহময়ী দেবী আমাকে বুঝেছিলেন কি না কে জানে। যাবার সময় তিনি ওটা আমাকে একেবারেই দিয়ে দিলেন। আর আমারও মনে হয়েছিল ওটা আমারই প্রাপ্য। আমি প্রিয় ময়ূরটা হাতে নিয়ে আব্বুর কোলে উঠলাম।
তারপর.... তারপর...
তারপর ময়ূরটা আমার সাথে সাথে বাসায় আসে নি। আব্বু একবার বলেছিল ,' ময়ূরটা আমার কছে দাও। না হলে কি জানি তুমি ফেলে দেবে কি না।' আমি দিই নি - আমার প্রিয় জিনিস কি না। পথে ঘুমিয়ে পড়েছিলাম , ঘুমের ঘোরেই ময়ূরটা পড়ে গিয়েছিল পথে। বাসায় এলে ঘুম ভাঙল। ময়ূরটা হারিয়ে কান্না পেয়েছিল কিনা তাও মনে নেই। তবে কেমন অপার্থিব বিষাদ ছেয়েছিল মনে। অপর্থিব বিষাদ - যা এখনও ফিল করা যায়।
অস্পষ্ট ঘটনাটা জীবনের অন্য ঘটনাগুলোর সাথেও মিলতে পারে। তাই পোস্ট করলাম।
যা-ই হোক , পরমপ্রভু ভাল করুক সে স্নেহময়ীর। আর ময়ূরটা যদি আবার ফিরে পাই , আমি সাড়ে তিন বছরের শিশুটি হয়ে তা হাতেই রেখে দেব। কারণ - ওটা আমার প্রিয় জিনিস কি না।
সত্যি বলতে কি , শিশুরা বড্ড ভাল - মায়া হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



