
ও মেয়ে! এসো এখানে, বসো চুপটি করে আমার পাশে। আজ মন খুলে কিছু কথা বলি তোমায়। শুধু শুনে যেও। বোলো না কিছু। সেদিন সন্ধ্যায় দেখলাম তোমাদেরকে ,একসাথে, পাশাপাশি হাত ধরে হেঁটে যাচ্ছো জাহাজবাড়ির রাস্তাটি ধরে। প্রথমে ভাবলাম ভুল দেখছি। মন থেকে অহেতুক সন্দেহ দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরে জানলাম ভুল দেখিনি। সেদিন তোমার সাথে সে-ই ছিল। যখন জানলাম, আমি নাকি অসাড় পড়েছিলাম বেশ কিছু মূহুর্ত। ধীরে ধীরে সম্বিত ফিরে এলেও ক’দিন কোনও কথা বলিনি। সেদিন জানালা দিয়ে বাসার পাশের লেকটার পানির দিকে স্থির তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো, এরকমটাই তো হবার কথা ছিল। এতদিন এক ঘোরের মাঝে বসবাস করেছি। তাই বোধ হয় , স্থির চিত্তে ভাবা হয়নি কিছু। সত্যিই তো, তার সাথে তো আমার থাকার কথা ছিল না। আমাদের তো মেলে না কিছুতেই।
তোমাদের দুজনেরই রয়েছে অফুরন্ত ভালোবাসার এক ভান্ডার। একই সাথে তোমরা দু’জনকে ভালোবাসতে পারো। কোন একজনকে ভালোবাসলে অন্য আরেকজনের ভালোবাসায় ঘাটতি পড়ে না। আমি বোধ হয় এতটা উদার নই। একজনকে ভালোবাসলে শুধু তাকেই সব ভালোবাসা বিলিয়ে দিতে চাই। অন্য কেউ সেখানে ভাগ বসাবে , এমনটা মানতে পারিনা। তোমাদের মত এতটা মুক্তমনা এবং তোমার মত এতটা আধুনিকা হতে পারিনি বলেই বোধ হয় তাকে আমার ভালোবাসার বলয়ে শক্ত করে বেঁধে রাখতে পারিনি। বারে বারে ছুটে যেত সে অচেনা কোনো একজনের কাছে। জানলাম, সেই অচেনা একজন ছিলে তুমি।
তোমাদের দুজনের জুটি মানিয়েছে বেশ। দুজনকে একসাথে বেশ লাগে! বন্ধুদের কাছে এমনটাই শুনি। একথাগুলো শুনে একসময় ঈর্ষান্বিত হতাম। আজ আর হই না। এখন তোমাদের জুটি দেখলে আমারো মনে হতে থাকে, সত্যিই তো, তোমাদের দুজনকে আসলেই মানায় বেশ। এভাবে কখনো ভেবে দেখিনি তো আগে! আজ আর ঈর্ষান্বিত নই আমি, বিশ্বাস করো। তোমরা তোমাদের মত করেই সাজিয়ে নাও তোমারদের আপন ভূবনকে। এ শুভকামনা সবসময়ের জন্য।
(গতকাল বিকেলে ধানমন্ডি লেকের ধারে বসেছিলাম। এসময় পার্কে আসা এক প্রেমিক যুগলের হঠাৎ বাক-বিতন্ডার বিষয়বস্ত থেকেই এই গল্পের সূচনা। এটা ঠিক গল্প হলো কিনা , তাও বুঝতে পারছি না। )
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


