রাজনৈতিক সঙ্কট অবসানে বিএনপির সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, বিএনপির সাড়া পেলে আগামী নির্বাচন নিয়ে শিগগিরই আলোচনায় বসতে চান তারা।
স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের একথা বলেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে সরকারের সঙ্গে আলোচনা করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এর আগে তাদের পক্ষ থেকে আগ্রহ দেখিয়েছিলেন।
বিরোধী দলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আশরাফ বলেন, “সমাধানের একমাত্র পথ আলোচনা, বিকল্প কোনো পথ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা যেন শুরু হয় এবং যত তাড়াতাড়ি এর সুরাহা হয়, গণতন্ত্র ও জাতির জন্য তত মঙ্গলজনক।”
আলোচনার জন্য বিরোধী দলকে কবে নাগাদ প্রস্তাব দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা আলোচনার জন্য সংসদে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছি, অপেক্ষায় আছি প্রতিউত্তরের,
“কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, কোথায় আলোচনা করবেন- আমরা অপেক্ষায় আছি, অচিরেই আমরা আলোচনা করব।”
বিরোধী দল আলোচনার সুনির্দিষ্ট প্রস্তাব আশা করছে এবং বলেছে, নির্দলীয় সরকার পুনর্বহালের দাবি মেনে নিলে তারা আলোচনায় বসবে।
আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে আলোচনার জন্য সংসদে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছেন- এর চেয়ে বড় আনুষ্ঠানিক প্রস্তাব হতে পারে না।
“আলোচনা যে চলছে না, তা-ও না। আলোচনা রাজনীতির একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সব সময় কথা হয়, শুধু আনুষ্ঠানিকভাবে বসা হয়নি, আশা করি অচিরেই সাড়া পাব, আর সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব।”
এখন মতভেদ থাকলেও আগামী নির্বাচনে সবাই অংশ নেবে- আশাবাদ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা সবাইকে নিয়ে আগামী নির্বাচনে যাব।”
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানসহ অন্যদের নির্বাচনী ফর্মুলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আকবর আলির বাংলাদেশের রাজনীতিতে কোনো অবদান নাই, সে তো রাজনীতি করেনি, বুদ্ধিজীবীদের নিয়ে বুদ্ধিজীবীরাই থাকুক।”
রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনীতিকদেরই মূল দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “আমরা রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাই- কীভাবে পলিটিক্যাল সমস্যা সমাধান করা যায়। এখানে আকবর আলি যদি কোনো সহযোগী ভূমিকা পালন করেন, তাহলে তাকে স্বাগত জানাব।”
সূত্রঃ আলোচনা চান বাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



