একসময় দুঃখের কথা দুঃখের সুরে বলতাম,
তখন দুঃখকে চিনতাম না,
কিংবা দুঃখ ছিল না তখন,
আকস্মিক বৃষ্টিতে দুলতো বিষাদের পাতলা পর্দা,
পৌনে তিনশো মাইল দূরে ছুটে গেছে দীর্ঘশ্বাস,
ছেঁড়া চটি পায়ে দিন রাত ঘুরে ঘুরে সঙ্গে বহন করতাম খালি পকেটের মতন খুন খারাপ,
এখন কেউ এসে আমাকে দেখুক!
আমার পরিচ্ছন্ন মুখ,
আমার মসৃণ জীবনযাপন,
চায়ের কাপের পাশে সিগারেট সমৃদ্ধ হাত,
নিশীথ যবনিকা তছনছ করা সৌখিন দাপাদাপি,
যে কেউ দেখে ভাববে আমি দুঃখকে চিনিই না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



