প্রকাশ্যে জনবহুল স্থানে ধূমপানের শাস্তির বিধানের উপর কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে । এক্ষেত্রে পূর্বের ৫০ টাকার শাস্তির পরিবর্তে করা হয়েছে ১০০ টাকা । এ ছাড়া আইনটি বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রকাশ্যে ধূমপানের শাস্তি
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সংশোধিত খসড়ায় ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা কিছুটা পরিবর্তন করে এর সম্প্রসারন করা হয়েছে । নতুন সংজ্ঞায় ‘পাবলিস প্লেস’ বলতে সম্মিলিতভাবে ব্যবহারযোগ্য বিভিন্ন সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থান বা ভবন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণিবিতান, বাজার, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড ও বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন এবং পাবলিক টয়লেট কে বুঝানো হয়েছে ।
এসব স্থানে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের জন্য শাস্তি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। এছাড়া যেকোনো ভুক্তভোগী নাগরিক এসব অপরাধের জন্য অভিযোগ করতে পারবেন। এ আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেস’-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সংশোধিত আইনে ‘তামাকজাতীয় দ্রব্য’ হিসেবে তামাক ও তামাকজাতীয় গাছের শিকড়, ডাল বা অন্যান্য অংশ, বিড়ি ও সিগারেট ছাড়াও গুল, জর্দা, ও তামাকের সাদা পাতাও তামাকজাতীয় দ্রব্য হিসেবে গণ্য হবে।
খসড়ায় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



