শচীন টেন্ডুলকারকে ‘ভারতরত্ন’ পুরস্কার দেওয়ার দাবিটা অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন ভারতের ক্রিকেটপাগল মানুষ। ২১ বছরের বিস্ময়কর ক্যারিয়ারে ব্যাটিং রেকর্ডের প্রায় সবকিছুই নিজের দখলে নিয়ে এসেছেন লিটল মাস্টার। একমাত্র অপূর্ণতা ছিল শুধু বিশ্বকাপ শিরোপাটা। সেই বিশ্বকাপ ট্রফিটাও হাতে ওঠানোর পর এবার তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়ার কথাবার্তা উঠেছে বেশ জোরেসোরেই। হয়তো এতে কারও আপত্তিও নেই, কিন্তু ভারতের সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মানটা পাওয়া আপাতত আটকে আছে বিধির জটিলতায়।
১৯৫৪ সালে চালু হওয়ার পর এখন পর্যন্ত ৪১ জনকে দেওয়া হয়েছে এই ভারতরত্ন। তাঁদের মধ্যে কেউ কোনো ক্রীড়াব্যক্তিত্ব নেই। ভারতের সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কশ্যপ বলেছেন, ‘বর্তমান নিয়মকানুন অনুযায়ী টেন্ডুলকার এই সম্মানসূচক পুরস্কারটার জন্য মনোনীত হতে পারবেন না। তাঁকে এই পুরস্কার দেওয়ার জন্য নিয়মকানুন পরিবর্তন করতে হবে।’ এখন পর্যন্ত শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
যদি টেন্ডুলকারকে এই সম্মান দিতেই হয়, তাহলে ক্রীড়া মন্ত্রণালয়কে মন্ত্রিসভার কাছে একটা প্রস্তাব পাঠাতে হবে বলে জানিয়েছেন কশ্যপ। তিনি বলেছেন, ‘যদি মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করে, তাহলে শুধু শচীন টেন্ডুলকারই নন, যেকোনো ক্রীড়াব্যক্তিত্বকে এই পুরস্কার দিতে আর কোনো বাধা থাকবে না।’ পিটিআই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



