আজকাল প্রায়ই মন খারাপ থাকে আমার, বিষণ্ণ থাকি খুব। সারাক্ষণ গোমড়ামুখে বসে থাকি, লুকিয়ে লুকিয়ে চোখও মুছি। যেন কত দুঃখ আমার মনে। দুঃখ পাওয়ার মত কিছু ঘটেছিল বটে। তবে আমি প্রমিজ করেছিলাম সেসব নিয়ে একদম ভাববো না, সব ভুলে যাবো। কিন্তু ভুলতে পারছি কি ছাই! আরো নতুন নতুন কত কি ঘটে মন খারাপের...নতুন-পুরানো সব মিলে আমি তখন আরো বেশি করে ডুবে যাই বিষণ্ণতায়।
আমার এইসব মন খারাপের সময়ে তুই আমার একটুখানি আনন্দ। তুই কি টের পাস এখন মায়ের মন খারাপ, দুঃখী মুখে বসে আছে বোকা মেয়েটা! আর তখন তুই টুক টুক করে নড়ে চড়ে মাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করিস বুঝি! মায়ের জন্য কষ্ট হয় বুঝি তোর? মায়ের কাছে থাকলে তখন কি করতি সোনা? গলা জড়িয়ে ধরে খুব করে আদর করে দিতিস, চুমু দিয়ে গাল ভরে দিতিস? কবে যে তোর ছোট্ট ছোট্ট হাত দুটো গালে ছোঁয়াতে পারবো, তোর তুলতুলে পা দুটোয় চুমু খেতে পারবো! অপেক্ষার সময়টা আজকাল বড্ড দীর্ঘ লাগছে।
তুই আসছিস...তাই নিয়ে কত লুকোচুড়িই না করতে হয়েছে আমাকে শুরু থেকে! তোর নানুমণি, দাদী কড়া করে আমাকে না করে দিয়েছিলেন হুট করেই যেন কাউকে বলে না বসি তোর আসার খবর। বলতে নেই নাকি! আমি ভেবেই পাই না, এত্ত খুশির একটা খবর কেন লুকোতে হবে, কেন বলতে নেই! কতজনকেই দেখেছি বাবু আসছে, বাইরে থেকে দেখে বুঝা যায় বলে তাদের লজ্জার শেষ নেই। লোকের সামনে যেতেও তাদের লজ্জা। আমাকেও কতজন বলেছে একটু সামলে থাকো, ঢেকে-ঢুকে থাকো। কিন্তু আমি এটাই বুঝি না, এতে লজ্জার কি হল!
আমি মা হচ্ছি...এরচেয়ে বড় গর্বের বিষয় আর কি হতে পারে! মা হওয়ার সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আমার শরীরে, এরচেয়ে বড় সৌন্দর্য আর কি হতে পারে! ওইদিন শাড়ী পরে যখন নামছিলাম সিঁড়ি দিয়ে, আমার নিজেরই নিজেকে কেমন পুতুল পুতুল লাগছিল। এটা যে কত সুন্দর একটা ব্যাপার, যারা বুঝে না বা বুঝার চেষ্টাও করে না, তাদের জন্য সত্যিই দুঃখ হয়।
তোকে কেন এইসব কথা বলছি তুই কি বুঝতে পারছিস? মনে রাখিস, সবাই সবসময় চাইবে তাদের সংস্কার, ভ্রান্ত ধারণা তোর উপরে চাপিয়ে দিতে, তোকে বাধ্য করবে সেইসব কাজ করতে। তুই কিন্তু কখনো এসব ভুলকে প্রশ্রয় দিবি না। যা সত্য আর সুন্দর তাই ধারণ করবি। তবে সেটা করতে গিয়ে অন্যের মনে দুঃখ দিস না যেন। তোকে শিখতে হবে কিভাবে একইসাথে অন্যকে ভাল রাখা যায় আবার সঠিক পথে চলে নিজেও ভাল থাকা যায়।
মায়ের মত নরম মনের হোস, কিন্তু দৃঢ় থাকিস নিজের অবস্থানে। কাউকে সুযোগ দিবি না তোকে কষ্ট দেয়ার, বা তোর অবস্থার সুবিধা নেয়ার। অনেক অনেক মুহূর্তই আসবে তোর জীবনে এমন, যখন যুক্তির চেয়ে আবেগ বড় হয়ে দাঁড়াবে। আমি তোকে কখনো আবেগ বিসর্জন দিয়ে যুক্তিসর্বস্ব হতে বলছি না, কিন্তু আবেগের জোয়ারটা এমনভাবেই নিয়ন্ত্রণ করিস যেন সেটা তোকে গ্রাস না করে নেয়। সবসময় মনে রাখিস, অন্যকে সুখী করা যেমন অসম্ভব আনন্দের একটা ব্যাপার...তেমনি নিজে সুখী হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা করিস সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে।
আজ তোকে খুব কঠিন সব কথা বলে ফেললাম বোধহয়। ভয় পেয়ে যাসনিতো সোনা? ভয়ের কিচ্ছু নেই। যখন এইসব ঘটনাগুলোর ভেতর দিয়ে যাবি, একটু সাবধানে পা ফেললেই দেখবি প্রতিটা ব্যাপার কতই না সহজ আর সুন্দর।
ভাল থাকিস আমার লক্ষ্মীসোনা...অনেক অনেক ভাল...
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


