তুই এখন আমার অস্তিত্বে এমনভাবে মিশে আছিস, প্রতিটা মুহূর্তে তোকে বলবার মত এত এত কথা থাকে যে আলাদা করে আর লিখবার কথা মনে থাকে না। এই বড়-সরটা হয়েছিস তুই এখন। গায়ে বোধহয় শক্তিও হয়েছে বেশ। হঠাৎ হঠাৎ এমন একেকটা ঢুশ মারিস, মাতো ব্যথাই পেয়ে যাই...দুষ্টুটা! আর একটু পর পরই একটা করে ডিগবাজি। কদিন আগেও হাত দিয়ে না ধরলে বোঝা যেতো না কি করছিস। কিন্তু আজকাল বাইরে থেকেই বেশ বুঝতে পারি। পেটের এপাশ থেকে ওপাশ যখন ঘোরাফেরা করিস, পেটটাও তখন এদিক ওদিক ফুলে ওঠে। গান শুনালেতো কথাই নেই, ওইদিন বাবা যখন গান গাইছিল তুইও এদিক ওদিক খুব একচোট নেচে নিলি। আর বাবারতো একেবারে চোখ ছানাবড়া। তোর বাবার ধারণা তুই ছেলেই হবি, মেয়েদের গায়ে নাকি এত শক্তি নাই। তুই যদি মেয়ে হোস, তবে বাবাকে দেখিয়ে দিস, মায়ের মত সবাই অত দুর্বল নয়। মেয়ে বলে তুই দুর্বল, এমন অপবাদ কক্ষণো কেউ যেন দিতে না পারে।
পেটের ভেতর এতটুকু জায়গায় তুই আছিস এখন। তোকে জায়গা দিতে তাই আমার পেট আরেকটু বড়, আরো একটু বড় হল। আর খুব স্বাভাবিকভাবেই তাই চামড়া কিছুটা ফেটে গেছে পেটের আশেপাশের। প্রথম প্রথম আমার খুব মন খারাপ হতো এটা দেখে, "কেমন বিচ্ছিরি হয়ে গেছে দেখতে"। কিন্তু ওইদিন খুব ভাল করে খেয়াল করে দেখলাম, চারদিকের চামড়ায় ফাটা ফাটা দাগ দেখতে কেমন বাঘের ডোরাকাটা দাগের মত লাগছে। মনে পড়ল কয়দিন আগে দেখা একটা ভিডিওর কথা, যার শিরোনাম ছিল এমন "I am a proud tigress who earned her scratch…"।
সত্যি আমি সেই গর্বিত বাঘিনী, যাকে বহু কষ্ট স্বীকার করে তার ডোরাগুলো অর্জন করে নিতে হয়েছে। পৃথিবীর কোন পুরুষের এই গর্ব অর্জন করার সৌভাগ্য হবে না কখনো। তারা এই কষ্ট, এই ত্যাগের সামান্যতমও কোনদিন অনুভব করতে পারবে না। পারবে না অনেক নারীও। যারা মা হওয়ার এই আনন্দ, এই গর্ব থেকে নিজেদের বঞ্চিত করে, তাদের জন্য করুণা ছাড়া আর কিছুই দেয়ার নেই।
তোকে এইসব কথা বলছি কারণ আমি চাই তুই এই গর্বের ভাগীদার হবি। যদি মেয়ে হোস তাহলে একদিন তুইও হবি একজন গর্বিত বাঘিনী। আর যদি ছেলে হোস তবে সম্মান করতে শিখবি মেয়েদের, মায়েদের।
তুই মেয়ে বা ছেলে যাই হোস না কেন তুই যেন সুস্থ, স্বাভাবিক, একজন ভাল মানুষ হিসেবে এই পৃথিবীতে আসতে পারিস সেই দোয়াই করি।
অনেক অনেক ভাল থাকিস আমার সোনাটা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


