স্বচ্ছ জলে সারি নদী জ্যোৎস্নার মতো জ্বলে
জলের পাথরে পা,নখ ভেসে ওঠে
পাথরে পাথরে রোদ কবিতার ছন্দ হয়ে ওঠে।
অদূরে ঝুলন্ত ব্রিজ যেন ফ্রিজ হয়ে আছে।
আকাশের কাছাকাছি অদূরে পাহাড়,কালো মেঘ
পাক খায়,বাঁকা হয়--হাতির শুঁড়ের মতো নামে।
খাসিয়া বালিকা যায় ময়ূরীর মতো নেচে-
রোদের মেঘের কুয়াশার খেলা চারদিকে।
চারদিকে ছড়ানো পাথর
চারদিকে গুছানো আকাশ
চারদিকে অটল পাহাড়
নিচে স্বচ্ছতোয়া নদী-প্রেম জলপাথরের গায়ে মেখে
ছুটে যায়,যেন ঝর্ণা যেন প্রকৃতির বানানো লেগুন
যেন কাৎ হয়ে পড়ে আছে পটে আঁকা নদী মুখ
পাহাড়
পাথর
নারী
পাখিদের ঝাঁক।
মানবজীবন বড় জটিলতাময়
তার ঊর্ধ্বে ওঠে মানুষেরা হয়ে ওঠে আবারো মানুষ
ক্রোধ,ঈর্ষা,হিংসা,কাম,মনুষ্য বিবাদ ভুলে
মানুষেরা সন্ত হয়ে ওঠে
প্রকৃতির তৈরী এই নিখাদ বিস্ময়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

