প্রচ্ছন্ন,বিচ্ছিন্ন কিছু কিংবা গূঢ় পাপ
ঈর্ষা,লোভ অথবা সন্তাপ
অন্তরালে নিরালম্ব বৃথা রক্তপাত-মানো কিংবা নাই মানো।
তোমার হাতে যে রক্ত লেগেছিল-এখনো কি লেগে আছে সেই তপ্ত দাগ?
একান্তে নিভৃতে কোনো অনুতাপ
চারিভিতে ফেটে পড়া মৃতের বিলাপ
শাণিত ছুরির ফলা,বেহুদা সন্ত্রাস-মুহূর্তের কোনো অনুরাগ
এসে রাখেনি বিরত তোমার এই হন্তারক হাত?
ফিসফাস গোষ্ঠীচক্র পাপীদের হ্লাদ
তোমাকে দিয়েছে শুধু অধঃপতনের খাদ
শুধুই দিয়েছে মৃত্যু,নির্ভুল ও অকস্মাৎ।
জীবনের সব রন্ধ্রে বাতি জ্বলে-কিছু রন্ধ্র থাকে অন্ধকার
কৃতকর্মে ফোস্কা পড়ে-
লোকালয়ে ঘৃণা ওড়ে
মুখ থুবড়ে পড়ে থাকে উপেক্ষার অহংকার।
কী করে বলি নষ্ট নদীটির মতো বর্জ্যে ভরে গেছে তোমার জীবন
তোমার বিরুদ্ধে উচ্চকন্ঠ একেকটি কর্তিত আঙ্গুল
সান্ত্বনাহীন ক্রুদ্ধ,ক্ষুব্ধ সব ভুল
মৃতদের অভিশাপ।অজস্র বিমর্ষ ভ্রূণের ক্রন্দন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

