ছোটবেলায় আমরা দাদুর বাড়িতে ঈদ করতাম। কি সব ঈদ ছিল ওইগুলা! ঈদের আগের দিন বান্ধবীদের সাথে রাত জেগে মেহেদি লাগান,ঈদের দিন সমবয়সী ছেলে-মেয়েদের সাথে হইহই করে বেড়ানো, বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের রান্না করা বিরিয়ানি কিংবা সেমাই সাবাড় করা, সালামি নিয়ে কাড়াকাড়ি, চাচাত ভাইবোনদের সাথে ঈদের রাতে চোর-পুলিশ-ডাকাত-বাবু খেলা… উফফ... সেইসব মজার দিনের কথা ভেবে শেষ করা যাবে না।
এরপর হঠাৎ বড় হয়ে গেলাম!! এখন গ্রামে আমার সমবয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে,চাচাতো ভাইবোনদের এত সময় নেই আমাদের সাথে বসে দুদণ্ড কথা বলবে, আর আমার নিজেদের জগতটাই এত আলাদা হয়ে গেছে যে, চেষ্টা করেও অন্তত একদিনের জন্যও মেলাতে পারি না নিজেকে গ্রামের পরিবেশে। তাই গত বছর প্ল্যান করেছিলাম যে করেই হোক পরের ঈদটা শহরে কাটাবো। ফেসবুকে বন্ধুদের আড্ডা আর টিভির অনুষ্ঠান কখনই মিস করা চলবে না।
গত বছরের প্ল্যান অনুযায়ী এই প্রথম শহরে ঈদ করছি। মনে করেছিলাম ভালই কাটবে... কিন্তু এক অজানা কারণে ভালো লাগছে না!!! আমার গ্রামটিকে আমি খুবই মিস করছি!! আমি কখনই ভাবতে পারিনি সদ্য উন্নতির ছোঁয়া লাগা গ্রামটাকে আমি এত মিস করব! ফেসবুক আর টিভির দিকে তাকাতেই বিরক্ত লাগছে আর বন্ধুদেরও কোন খবর নেই। যতবারই পিসির মনিটরের দিকে তাকাই, মনে হয় গ্রামের পুকুরটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। ইচ্ছে হচ্ছে দৌড় দিয়ে দাদুর বাড়ির পুকুরঘাটে একা একা বসে থাকি। আমাদের গ্রামে মেঠোপথ তো সব বিলীন হয়ে গেছে,তাই এখন সাধ জাগছে আধাপাকা রাস্তাটি ধরে একটু হাঁটি!
কিন্তু আমি জানি গ্রামে গেলেই আবার এখানে চলে আশার জন্য মন কেমন কেমন করবে! তখন আবার শহরের প্রত্যেকটা ইট-কাঠের জন্য খারাপ লাগবে। উফফ কি যে করি!!
সবে তো সকাল। আশা করি সারাদিন এতই ভালো কাটবে যে মন খারাপের ব্যাপারটা হয়ত ভুলেই যাব। প্রিয় ব্লগাররা, আপনাদেরও ঈদ মোবারক!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



