জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থেকে দেখেছি কতটা প্রয়োজন তোমাকে আমার...
এও বুঝেছি কতখানি অংশ ঘিরে আছি আমি তোমার পৃথিবীর।
আমাকে হারিয়ে ফেলার ভয়ে তোমার পাগলপ্রায় প্রলাপ...
অস্থিরতায় চব্বিশটি ঘন্টা আমাকে তোমার বুকে আগলে রাখার আবেগ...
আমাকে বুঝিয়ে দিয়েছে নিছক মান অভিমানের সেই তুচ্ছ কেউ নই আমি,
আমাকে বুঝিয়ে দিয়েছে আমার যে এখনো অনেক কিছু করণীয়।
আমি তোমাকে কথা দিচ্ছি শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি আগলে রাখবো।
তোমার হাজারো অপ্রাসঙ্গিক কথা আমি মেনে নেবো।
তোমার বারবার বলে যাওয়া গল্প প্রতিবার নতুন আগ্রহ নিয়ে শুনবো।
কথা দিচ্ছি আর কখনো তোমার অকারণ বকার প্রত্যুত্তর করবো না,
কথা দিচ্ছি আর দেরী করে ঘুম থেকে উঠবো না....
আর তুমি যা যা বলবে তাই শুনবো।
তবে হ্যাঁ মা,
তোমাকে আমি বারবার 'মা' ডেকে ডেকে জ্বালাবো তুমি যত বিরক্তই হও না কেন!
তোমার জন্য শাড়ি কিনে নিয়ে এসে বারবার বকা শুনবো,চোখের পানিও ফেলবো-তোমারই সামনে।
তোমার জন্যে টাকা জমিয়ে হট ওয়াটার ব্যাগ কিনবো,রাইস কুকার কিনবো,কারিকুকার কিনবো....
তারপর অনেক বকা শুনে কেঁদে চোখমুখ ফুলিয়ে দিবো।
আবার ভুলে গিয়ে তোমার পছন্দের জুয়েলারীটা নিয়ে আসবো যা তুমি কিনতে পারনি আগে....
তারপর আবার অন্যের কাছে যখন তুমি তোমার মেয়ের গল্প গর্ব করে বলবে তখন তোমার চোখেমুখের স্বর্গীয় আনন্দটুকু দেখবো।
তোমার উচ্ছ্বসিত আনন্দের কথা শুনবো,তোমার কষ্টের কথাও শুনবো।তোমার অসুস্থতার সময় তোমার পাশে সারারাত জেগে থাকবো তুমি যেমন ছিলে আমার পাশে।মাঝে মাঝে ঘুমন্ত তোমাকে দেখবো।
তোমাকেও আমায় কথা দিতে হবে যে তুমি আমায় ছেড়ে যাবে না কখনো।আমাকে তোমার বুকে মাথা রেখে তোমার গন্ধ নিতে দেবে।তোমার পাশে থাকতে দেবে প্লিজ মা।আমি যে তোমাকে ছাড়া অস্তিত্বহীন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



