প্রিয় নীল,
জানিস আজ সকালে উঠে এক অদ্ভুত ইচ্ছে হচ্ছিলো।ইচ্ছে হচ্ছিলো তোকে ডেকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথাও হারিয়ে যেতে।যেখানে কেউ আমাদের চিনবে না।আমাদের খুঁজেও পাবে না।আমরাও আগের মতন হয়ে যাব সব কিছু ভুলে গিয়ে।রিকশায় করে গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘুরবো।তারপর একসাথে বসে জমিয়ে আড্ডা দেবো আগের মতন।যা মন চাইবে তাই খাবো।ও হ্যাঁ আমার একটা কথা রাখতে হবে কিন্তু,আমরা কিন্তু খাওয়া শেষে মুখভর্তি করে মিষ্টিপান খাবো।রসমালাই আইসক্রিমও কিন্তু খাব।পেপসি খাবো না কিন্তু,এখনকার পেপসি ভালো না।তার চেয়ে অন্য কিছু খাব।রেললাইনে যাবি?একসাথে হাঁটবো রেললাইনের দুই পাশে দুজন।তারপর একটু গান,একটু কবিতা,একটু গল্প হবে দুজনের।জাদুঘরে যাবি?তুই না সেদিন বললি যাবি!চল ঐদিক থেকেও ঘুরে আসবো।নদীর পাড়েও বসা যায়।তবে এখন কি কাশফুল থাকবে না।থাকলে বেশ হতো তাই না বল?না থাকলে তবুও সুন্দর,একবার ঘুরেই আসা যায়।নৌকায় উঠবি?উঠলে কিন্তু বেশ মজাই হবে।সারাদিন বালুর চরে দুজনে মিলে খালিপায় হাঁটবো, ঠিক আছে?তোর হাত ধরে একসাথে বালুতে দৌড়াবো।জোরে জোরে চিত্কার করে তোর নাম ধরে ডাকব।বালুতে তোর ছবি আঁকবো।কোন গানটা গাইবো বলতো?হুম,ঐ গানটাই.... 'তুমি যে আছ তাই আমি পথে হেঁটে যাই,হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই.....'
না,সব ইচ্ছে পূরণ হয় না।সব ইচ্ছে পূরণ হতে নেই।আমার এই ইচ্ছেটেও বাদ দিয়ে দিলাম আজ।তবে আবার যদি ইচ্ছে করে সেদিন কিন্তু ঠিক হারিয়ে যাব।তোকে বলতে ভয় হয়,যদি না করিস।কষ্ট পাব তখন।কষ্ট পেতেই যত ভয়।এত কষ্ট পেয়েছি তবু কেন এত ভয় বলতো?যাক বাদ দে,তুই তোর মতই গুছিয়ে নিয়ে অনেক ভালো থাক :-) আর আমি না হয় ঐ গানটাই শুনতে থাকি...'ও বন্ধু তোকে মিস করছি ভীষণ....' সত্যিই রে তোকে ছাড়া কিছু আর জমে না এখন....
তোর হিমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



