একশ এগার নম্বর শর্তকবাণী
জুলফিকার মতিন
কেউ কেউ খুন হয় এবং আবার কেউ বেঁচে যায় ঈশ্বরের মত
এ রকম কথা দিয়ে না আসাই যেহেতু স্বভাব
অন্যলোকে ততদিনে পেয়ে যায় নির্ধারিত চিঠির জবাব।
তবুতো নিয়ম নয়-অনিয়ম তোমার খুশিতে
কখন প্রসন্ন হবে এই ভেবে রাতভর শুধু বৃষ্টিপাত
ফেরানো দৃষ্টি দিয়ে দর্পণে ভেসে ওঠে ঈশ্বরের হাত।
তপশ্চর্যা নেই,শুধু তুমি ধরে রাখ একরাশ বিমুখ হৃদয়
নতমুখি গোলাপের এমন কি দোষ দেয়া যায়?
ভৌতিক ইষ্টিশানে তিনলক্ষ বর্ষ ধরে বসে থাকা নির্বোধ
ছুরিকা শানায়।
এখনই পরীক্ষা হবে অভিমানে ফেটে যাবে অনু
তেজস্ক্রিয়া বিচ্ছুরিত নাসিকার নালী দিয়ে মস্তিষ্কমুখি
হৃদয়ে যাবার সব জরুরী রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে
নীরক্ত খুনের ঝুঁকি তোমাকেই নিতে হবে
ফসলাভিলাষী রাত ফেরারী হলেও।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



