একলব্যের জবানবন্দী
অনীক মাহমুদ
আমার ভালোবাসার আঙুল কেটে নিলে দ্রোণাচার্য
ভেবেছিলে বিকিয়ে দেবো যৌবনের অমরাবতী-ফাল্গুস্নাত মন,
আমি আঙুল হারালেও হারাইনি অন্ধ হোমারের প্রিয় স্মৃতি
বাঙালি বিশ্বের দুয়ারে দীর্ণ করে যাবো তোমার গুরুবাক্য-জ্ঞানের গরিমা
নিমকহারাম দেউড়িতে গিয়ে মীর জাফরের রুহের মাগফেরাতে
ছিটানো থু-থু-র মতো হয়তো পেয়ে যাবে অমৃতের সমমান
ধৃষ্টতার ধীরোদাত্ত ভাঁজে ধর্মপুত্র বিভীষণ বেঁচে রবে অনন্ত গৌরবে
দ্রোণাচার্য, আমি সর্বশুদ্ধ প্রণতি যোগেই দিয়েছি তোমার গুরু দক্ষিণা
আশা ছিলো যক্ষের মতো প্রয়সীর কাছে থাকবে আমার রাহু-দ্যক্ত প্রেম,
প্রতিটি প্রত্যঙ্গের ভাঁজে ছিলো তাই সরস্বতীর বসবাস,
দাড়ি রেখে প্রতিজ্ঞা করেছিলাম সোনালী পাখিটাকে বাহুবদ্ধ করবো
হিরণ্য খাঁচার ন্যস্ত প্রিয়ময় পাখিকে নিয়ে যখন আমার
শুরু হলো অভিযাত্রা.....
তখনই তুমি চেয়ে বসলে গুরু দক্ষিণা,
আর্য-শ্রেষ্ঠত্বের ভাঁজে অর্জণের স্বার্থ সংরক্ষণে তুমি বারবার বেপরোয়া
আমি আঙুল কেটে দিলে তুমি হেসেছো আমার গুরুভক্তি নিয়ে।
তুমি বিজয়ী হয়েছো বটে,
আমি অর্বাচীন নিষাদসূত একলব্য হতবাক হয়েছি-ঘৃণায়-লজ্জায়
দুর্জন আচার্যের কুটিল কৌশলে..........।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


