দাঁড়িয়েছি অনার্য কৃষক
আশীক রহমান
শরীরে পলির গন্ধ নিয়ে দাঁড়িয়েছি
আমি সেই অনার্য কৃষক-
কচুরীপানার মতো বেড়ে ওঠা ঋণে
ঘর যার উঠেছে নিলামে,
নাগরিক ষড়যন্ত্রে হারিয়েছে চাষের জমিন।
আমি আজ দাঁড়িয়েছি, আমি সেই অনার্য কৃষক-
অভাব লবণ যার লাঙ্গলের ফালাকে খেয়েছে,
খেয়েছে আশ্রয়োর দেয়াল,
কুচক্রি বানের জলে ভেসে গেছে সব-
ভেসে গেছে মাঠ ভরা সুখের উপমা।
শরীরে পলির গন্ধ-আমি সেই অনার্য কৃষক-
আমি আজ দাঁড়িয়েছি ফিরে পেতে সব
আমি আজ ফিরে চাই আমার অরণ্য বরবীথি
বোনের হারানো নাকফুল
ভালোবাসা দিয়ে ছাপা টাঙ্গাইল শাড়ি
ফিরে চাই কাশবন লাটিম লাটাই
দিগন্তে মিশে যাওয়া নদীর সুদূর।
দাঁড়িয়েছি আমি সেই অনার্য কৃষক
বুঝে নিতে যাবতীয় হিসাব নিকাশ
কতটুকু সীমানার স্বদেশ আমার,
কারা করে আত্মসাৎ সুবর্ণ খামার,
রাতের আঁধার বুঝে আমার হিস্যার চর
কারা ক'রে নেয় জবর দখল।
দাঁড়িয়েছি ঘুরে আজ আমি
বুঝে নিতে কতো ঋণ অনাদায়ী আছে,
পাওয়া হয়েছে কতো আমার ঘামের বিনিময়ে।
এই সব বুঝে নিতে উঠে তাই দাঁড়িয়েছি আমি-
দাঁড়িয়েছি আমি সেই অনার্য কৃষক।।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


