কবি
জাকির তালুকদার
নিজেরই রক্তমাংস নিজেই সে চুষে চুষে খায়।
পৃথিবীর সমস্ত অসুখ তার বুকের অলিন্দে
বাসা বাঁধে মাংনা ভাড়াতে।
অসুখের ছড় বিনা যেন সুর
বাজেনা মোটেই তার বেহালা-কলমে।
রাজ্য-অর্থ-নারী নয়-শব্দ তার আজন্ম প্রেয়সী।
কাল পুরুষের তরবারী হাতে
উন্নিদ্র প্রহরী সে শব্দের ত্রিভূজ আঙিনায়।
অলক্ষ্মীর চিরস্থায়ী দখলীসত্ব তার ধর্ষিতা উঠোনে-
সেখানে সে ফোটায় শব্দের শুভ্র রাজহাঁস সারি সারি।
নিজেরই রক্তরেণু তার গুঁড়ো গুঁড়ো হয়ে
কবিতার দেহে আনে লাবণ্য-নির্যাস।
তার কোন দায় নেই বিকলাঙ্গ সমাজের কাছে
তার কোন ঋণ নেই ধর্ম-নীতি-ন্যায়শাস্ত্রের কাছে।
তবু তার নামে অপবাদ, লোকনিন্দা দিকে দিকে
তবু তার নামে ঘাতকের খড়গে নিরন্তর শান।
এদিকে অনিদ্রা ও দুঃস্বপ্নের লোবানে জ্বলে জ্বলে
মানুষের জন্য বানাতে ব্যস্ত সে স্বপ্নের আবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


