অভয় পৃথিবী দেবে,কে দেবে,দেবেনা
মোহাম্মদ কামাল
ফুসফুস হাওয়ায় ফুঁয়ে ফুঁয়ে ওড়াবে বেলুন
ওড়াবে ঘুড়ির শতবর্ণ চিত্রকাঁপা জাপানী আকাশ
পৃথিবীর কোটি শিশু ওড়াবে বেলুন
ওড়াবে প্রতীকে ফুসফুস।
কে দেবে, নির্মলতা দেবে,
অভয় পৃথিবী দেবে, কি দেবে, দেবেনা।
পারমাণবিক ধূম্রকুন্ডলীর মত
দুঃস্বপ্ন মন্ডিত মগজের অগ্নি ঝলসিত পিন্ড অন্ধকার
মাথার ভেতর;
হৃদয় ধ্বংস হিরোশিমা!
হৃদয় ধ্বংস নাগাসাকি!
অভয় পৃথিবী দেবে, কে দেবে, দেবেনা।
বিনষ্ট বৃক্ষের মাকড়সা ছায়াতলে মুমূর্ষু অঙ্কুর
মৃত্তিকার পোড়া স্তনে পোকা পোকা জন্মপঙ্গু ঘাস
পুস্পের প্রজন্মে প্রমিকের কোন পক্ষচ্ছায়া নেই
তেজস্ক্রিয়তার রাত্রি চুয়ে দূরান্তের কমলার কোষে নামে হিম
কে দেবে, আরোগ্য দেবে
অভয় পৃথিবী দেবে, কে দেবে, দেবেনা।
বিকৃতি বৃদ্ধের বিনষ্টির শিহরণে দেবতারা
আঙুলে জৈবিক ভেবে, লাল বোতামের কান্ড দেবে
গোলার্ধের গোলার্ধের বিস্ফোরণে বিস্ফোরণে বিস্ফোরণে
বিস্ফোরিত হৃৎপিন্ডের তুষারপাতে অনন্তের শূণ্য সৌররাত্রি দেবে;
অনন্তের শূণ্য সৌররাত্রি দেবে।
অভয় পৃথিবী দেবে, কে দেবে, দেবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



