কঙ্কালের সাথে কথোপকথন
রুহুল আমিন প্রামানিক
হে নর কঙ্কাল হে অস্থি হে অতীত জীবন স্মৃতি
তুমি এমনই উন্মোচিত উদোম হয়ে থাকো যে
তোমার চোখে তোমার বুকে আমি চোখ না রেখে পারিনা!
তুমি কী নিহত মানুষ আমার আত্মঘাতী নীতা
তুমি কী এই পৃথিবীর অর্থ কীর্ত্তি মোক্ষ দুষ্ট ভালোবাসা
ঘাস ফড়িং আর প্রজাপতির জীবন ভালোবাসে
একদিন উদ্বন্ধনে ঝুলেছিলে? দুর্দান্ত শান্ত গোলাপের মতো
লাশকাটা ঘরে কাটাছেঁড়ার ছুরির মুখে কোনদিন কী বুক রেখেছিলে?
তুমি আজ ঝুলে থাকো আর্ট কলেজের এক ক্লাসরুমে
ঘরে তুমি একা জাগো ঘর ভর্ত্তি ছেলেরা তোমায় দ্যাখে
ক্যানভাসে জাগায় তারা তোমার জীবন কাহিনী ঢেকে রেখে।
মানুষেরা মরে গেলে সব বাঘ হয় নাকি, বাঘেরা ছাগল?
ঘরে তুমি একা জাগো ঘর ভর্ত্তি সংসারে তুমি একজন
কোন একাকী মানুষ জাগতে চায়না তোমার সাথে
অথচ এ সংসারের আমি এক উদভ্রান্ত পাগল বাউল
বুকখোলা গোলাপের মতো বৃন্তবতী সাহসে একাকী দাঁড়িয়ে
ওই বুকে বুকে রাখি পাশাপাশি হাতে হাত করি জীবন যাপন ।
মানুষেরা মরে গেলে কী বাঘ হয়, যে আমি পাব ভয়?
আমি হয়তো কবি মানুষ নবী মানুষ বুকে ঝরে প্রেমের শ্রাবণ
বাঘও যে আমার পূর্ণকুম্ভ ভালোবাসার ভরাবুকে
প্রতি মুহূর্তের মৃতা প্রতি মুহূর্তের বেঁচে থাকা নতজানু নীতার মতোন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


