মানুষ এবং ঈশ্বর বিষয়ক
সিরাজুদ্দৌলাহ্ বাহার
মানুষের কিছু কিছু মৌলিক বিষয় ঈশ্বরের কাছেও দুর্বোধ্য
অনেক হৃদয়রনূধ্রে ঈশ্বরেরও অনুপ্রবেশ নেই
কারণ ঈশ্বর তো মানুষ নয়
মানুষ ঈশ্বর নয়
ক্রমশঃ তাই মানুষ এবং ঈশ্বরের মধ্যে ব্যবধান দীর্ঘতর হচ্ছে
পরস্পর পরস্পরের সম্পর্কিত ভালবাসা থেকে নির্বাসিত হচ্ছে।
মানুষ এখন ঈশ্বরে আনত হয়ে
সবুজ শস্যের স্বপ্নে বিভোর থাকেনা
জলদাস জলের দাসত্ব স্বীকার করেনা
প্রেমিক প্রিয়ার আলোকে আলোক জ্বেলে
আজও কোন উপমাও সাজাতে পারেনা।
তারা বুঝে গেছে,
নারীতে নারীত্ব নেই
জলের জীবন নেই
বিশ্বাসে নেই বিশ্বাস
বিশ্বাসহীনতায় মানুষ আজ পেয়ে গেছে তার বিশ্বস্ত নিবাস।
বিশ্বাসের ব্যর্থতায় ঈশ্বর নিজেই আজ রুষ্টতায় উপনীত
মানুষে ঈশ্বরে অপ্রীতি প্রীতির এই লেনদেনে ঈশ্বরও আজ যেন
মানুষের প্রতি প্রীত নয়।
আর তাই,
খাঁ খাঁ নীল বুভুক্ষ ভূমিতে আজ কোন প্রেমময় বৃষ্টিও ঝরে না।
এখন মানুষ এবং ঈশ্বরে এক অসমঝোতা বিরাজমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


