স্পিকারঃ মাননীয় সাংসদ, আপনি এখন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
সাংসদঃ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। গণতন্ত্রের মানস কন্যা, ডটার অব পিস, শান্তির পায়রা, দেশ ও জাতীয় উন্নয়নের আন্তর্জাতিক প্রতীক, জননেত্রী শেখ হাসিনাকে জানাই আমার পক্ষ থেকে ও আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে শত সসস্ত্র সালাম ও সীমাহীন অভিনন্দন! তিনি এ দেশের জন্য যে উন্নয়নের নজির স্থাপন……
স্পিকারঃ আপনার প্রশ্ন করুন, মাননীয় সাংসদ।
সাংসদঃ ধন্যবাদ, মাননীয় স্পিকার, আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আজ আমাদের ডিজিটাল বাংলাদেশ অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত উন্নয়নের মহাসড়ক নির্মাণ হচ্ছে, তা কেবল মাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার জন্যই। আমি বলতে চাই…..
স্পিকারঃ অনুগ্রহ করে আপনার প্রশ্ন করুন, মাননীয় সাংসদ…
সাংসদঃ জি, জি মাননীয় স্পিকার। আসলে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। কারণ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি কেবল একটি কথাই বলতে চাই যে, আমাদের এই সোনার বাংলা, যার স্রস্টা স্বয়ং স্বাধীনতার নায়ক, মহান স্বাধীনতার একমাত্র ঘোষক, মুক্তিযুদ্ধের মহা সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ তাঁরই সুযোগ্য কন্যা, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে…………
স্পিকারঃ মাননীয় সাংসদ, আপনি প্রশ্নটি করুন। এটা বক্তব্য দেওয়ার সময় নয়।
সাংসদঃ ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ এই মহান সংসদে আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার কেবল একটি কথা বলার আছে, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জনগণের যে জোয়ার সৃস্টি হয়েছে………………..আমি বলতে চাই……
স্পিকারঃ মাননীয় সাংসদ, আপনি এবার বসুন। (ধ্যাৎ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



