ঢাকার ধামরাইয়ে সাপ আতংকে একটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত চারদিন ধরে পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ফেটে ৫৩টি সাপ বেরিয়ে আসার পর থেকে শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যাচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বৃহস্পতিবার স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে ।
পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম ও ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলী জানান, গত মঙ্গলবার স্কুল চলাকালে একটি কক্ষের ফ্লোর হঠাৎ ফেটে যায়। এরপর ওই ফেটে যাওয়া সুড়ঙ্গ দিয়ে একে একে বেরিয়ে আসে ছোট বড় ২৭টি গোখরা সাপ। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পাল্লী গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে সাপগুলো মেরে ফেলে। পরের দিন বুধবার স্কুল কক্ষের ফ্লোর ভেঙে আরো ২১টি সাপ হত্যা ও ১০২টি সাপের ডিম ধ্বংস করা হয়। গত বৃহস্পতিবারও আরো ৫টি সাপ হত্যা করা হয়। এ নিয়ে ওই স্কুলসহ পুরো এলাকায় আতংক বিরাজ করছে।
স্কুলের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী মাহমুদা ও তানিয়া জানায়, সাপের ভয়ে আমরা গত চারদিন ধরে স্কুলে যাচ্ছি না।
এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক সিকদার জানান, ভবনটি অধিক পুরনো বলেই সাপ বাসা বেঁধেছে। এছাড়া সাপ নির্মূলের জন্য ওই স্কুলে কার্বলিক এসিড স্প্রে করা হয়েছে। বর্তমানে সাময়িকভাবে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আতংক কেটে গেলেই স্কুলে ক্লাস শুরু হবে।
(কপি- পেস্ট : শীর্ষনিউজ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

